ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডস টেস্টের প্রথম দিনের প্রায় অর্ধেক সময় ভেসে গেছে বৃষ্টিতে।
বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
দ্বিতীয় সেশনের শেষ দিকে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। কয়েক দফা পর্যবেক্ষণের পর এক পর্যায়ে আরো ১৩.৪ ওভার খেলা চালানোর সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার আসাদ রউফ ও বিলি বাউডেন। তবে সে সময় আরেক দফা বৃষ্টি নামলে সেখানেই প্রথম দিনের খেলা শেষের ঘোষণা দেন তারা।
প্রথম দিন সব মিলিয়ে খেলা হয় ৪৯ ওভার ২ বল। এতে ২ উইকেট হারিয়ে ১২৭ রান করে স্বাগতিক ইংল্যান্ড।
এক প্রান্তে জনাথন ট্রট ৫৮ ও অন্য প্রান্তে কেভিন পিটারসেন ২২ রানে ব্যাট করছেন। তৃতীয় উইকেট জুটিতে তারা এ পর্যন্ত ৬৫ রান যোগ করেছেন। ট্রট তার ১০৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮টি চার দিয়ে।
এর আগে ১৯ রানের মধ্যে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ১২ করা অ্যলিস্টার কুককে ফিরিয়ে দিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন জহির খান। বেশিক্ষণ টেকেননি ইংল্যান্ড দলপতি অ্যান্ড্রু স্ট্রাউসও।
দলীয় ৬২ রানের মাথায় কুককে অনুসরণ করেন তিনি। ২২ রান করে জহিরের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। দলের পক্ষে জহির ২ উইকেট নেন ১৮ রানে।
ইংল্যান্ড সফরের স্বাগতিকদের সঙ্গে চারটি টেস্ট খেলবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। লর্ডসের প্রথম টেস্ট দুই দেশের মধ্যকার শততম টেস্ট ম্যাচ। এছাড়াও সব মিলেয়ে এটি ২০০০ তম টেস্ট ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৩ ঘ.
bdnews24