২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ধরনের পরিবর্তন আনবেন না সুইফট

উন্নতি চাইলেও ফিল্ডিংয়ে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেসন সুইফট। খেলোয়াড়দের সামর্থ্য ও গ্রহণ করার ক্ষমতা বোঝে নিতে চান সুইফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উন্নতি চাইলেও ফিল্ডিংয়ে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেসন সুইফট। খেলোয়াড়দের সামর্থ্য ও গ্রহণ করার ক্ষমতা বোঝে নিতে চান সুইফট। জুলিয়েন ফন্টেন ফিল্ডিং অনুশীলনে অনেক পরিবর্তন এনেছিলেন। আপনিও কি পরিবর্তনের পক্ষে? এ প্রশ্নের জবাবে সুইফট বলেন, "সংবাদ সম্মেলনেও আমি বলেছি বড় ধরনের কোনো পরিবর্তন আনতে যাচ্ছি না।" শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সাংবাদিকদের সুইফট আরও বলেন, "প্রথম সেশন খুব ভালো হয়েছে। খেলোয়াড়রা অনুশীলনের সময়টুকু উপভোগ করেছেন। খেলোয়াড়দের সঙ্গে কী করে কাজ করবো প্রথম সেশনে সেটাই বোঝার চেষ্টা করলাম।" প্রথম সেশনেই শিষ্যরা মুগ্ধ করতে পেরেছেন জেসন সুইফটকে। তিনি খেলোয়াড়দের বেশ ক্ষিপ্র আখ্যা দিয়েছেন। তিনি বলেন, "খেলোয়াড়রা বেশ তরুণ এবং ক্ষিপ্র। দলের সবাই ভালো অ্যাথলেট। আশা করি এদের সঙ্গে কাজ ভালো হবে।" বাংলাদেশ দলে সম্ভাবনা ও প্রতিভার কমতি নেই বলে মনে করেছেন সুইফট। তিনি বলেন, "দলে অনেক সম্ভাবনা রয়েছে। অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। তাই ফিল্ডিং কৌশলে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না।" আগে খেলোয়াড়দের সামর্থ্য ও গ্রহণ করার ক্ষমতা বোঝে নিতে চান সুইফট। এরপরই নিজের অভিজ্ঞতার ঢালি মেলে ধরবেন বলে জানালেন, "খেলোয়াড়রা যতটা গ্রহণ করতে পারবেন ততটাই দেয়া হবে। তারা যেভাবে ভালো মনে করেন সেভাবেই হবে।" ছাড় দিচ্ছেন বলে মনে হলেও ক্যাচ ধরা বা স্ট্যাম্পে সরাসরি থ্রো করায় আরো পারদর্শিতা চান তিনি। তিনি বলেন, "আমি চাইবো খেলোয়াড়রা প্রত্যেকটা ক্যাচ ধরুক। কিংবা প্রতিটি থ্রো আসুক সরাসরি স্ট্যাম্পে।" ক্যাচ ধরার ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটারদের বেশ সমস্যা রয়েছে। বিশেষ করে ক্লোজ পজিশনে প্রায়ই ক্যাচ ছুটছে যায়। এ নিয়ে কাজ করবেন বলেও জানান সুইফট। তিনি বলেন, "ক্লোজ ক্যাচিং পজিশনে ক্যাচ ধরা নিয়ে আলাদা কাজ হবে। খেলোয়াড়দের 'বেসিক' নিয়ে কাজ করলে এসব সমস্যা কেটে যাবে। ফিল্ডিং-ক্যাচিং নিয়ে কাজ করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৯২৮ ঘ.