ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্টিভেন ফিন নন, ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১২ জনের ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন টিম ব্রেসন্যান ও স্টুয়ার্ট ব্রড।
চার টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে লর্ডসে ২১ জুলাই। এটি হবে ইতিহাসের ২০০০তম টেস্ট। এছাড়া পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারত।
শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজে ভালো খেলতে না পারায় পঞ্চম ও শেষ খেলায় বাদ পড়েন টি-টোয়েন্টি দলের নয়া অধিনায়ক ব্রড।
ইংল্যান্ডের নির্বাচক জিওফ মিলার বলেন, ব্রেসন্যান দলে ফেরায় আমরা দারুণ খুশি। জেমস অ্যান্ডারসন, ক্রিস ট্রেমলেট ও স্টুয়ার্ট ব্রডের সঙ্গে ব্রেসন্যান থাকায় দলের পেস আক্রমণের ধার অনেকটা বেড়ে যাবে বলে তিনি জানান।
চোটের কারণে অনেকদিন ধরেই টেস্ট দলে নেই ব্রেসন্যান। জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেন সিডনিতে। সেটি ছিল অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের সঙ্গে খেলার জন্য ইংল্যান্ড মুখিয়ে আছে বলে মনে করেন মিলার।
দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, টিম ব্রেসন্যান, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, ইয়ন মর্গান, কেভিন পিটারসেন, ম্যাট প্রায়র, গ্রায়েম সোয়ান, ক্রিস ট্রেমলেট ও জনাথন ট্রট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০৫ ঘ.
bdnews24