ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি স্বাধীনভাবে কাজ করছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচক আকরাম খান। তিনি বলেন, চুক্তি অনুযায়ী, তারা স্বাধীনভাবে কাজ করছেন।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের কার্যালয়ে সাংবাদিকদের আকরাম বলেন, "দল ঘোষণার আগে বোর্ডের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনার কথা চুক্তিতে উল্লেখ রয়েছে। এরই মধ্যে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। দল নির্বাচন নিয়ে তাদের ব্যাখ্যা দিয়েছি।"
এ সময় অন্য দুই নির্বাচক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন।
আগে দুই-একবার দল নির্বাচন প্রক্রিয়ায় টেকনিক্যাল কমিটির প্রভাব ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, তবে এবার তাদের কোনো প্রভাব নেই। সাবেক অধিনায়ক আকরাম চার বছর ধরে নির্বাচন কমিটিতে রয়েছেন।
দলে কে কেন এসেছেন, কে কেন বাদ পড়েছেন, এসব বিষয় নিয়ে টেকনিক্যাল কমিটিতে ব্যাখ্যা দিতে হয় বলে জানান আকরাম। তিনি বলেন, "এছাড়া পুরনো খেলোয়াড় কেন দলে নেই সে ব্যাপারেও আমাদের ব্যাখ্যা দিতে হয়।"
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "আমি এখন নির্বাচক দলের প্রধান। আমি নিশ্চয় আমার মতো করে কাজ করার চেষ্টা করবো।"
১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন আকরাম। হাবিবুল দলের লাগাম হাতে তুলে নেন ২০০৪ সালে। এই দায়িত্ব পালন করেন তিনি ২০০৭ সাল পর্যন্ত। আর ১৯৯০ সালে দু'টি খেলায় দলের নেতৃত্ব দেন মিনহাজ।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ একটি টেস্ট ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে। বাংলাদেশ দলের ২৮ জুলাই জিম্বাবুয়ে পৌঁছার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৩৯ ঘ.
bdnews24