২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারারেতে বাড়তি পেসার খেলালে লাভ হবে: নাজমুল

হারারের উইকেটে গতি ও বাউন্স থাকায় বাড়তি পেসার খেলালে ভালো ফল পাওয়া যেতে পারে বলে মনে করছেন নাজমুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হারারের উইকেটে গতি ও বাউন্স থাকায় বাড়তি পেসার খেলালে ভালো ফল পাওয়া যেতে পারে বলে মনে করছেন নাজমুল। তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খারাপ করলেই দল থেকে বাদ, এমন শঙ্কা মাথায় নিয়ে প্রতিবার মাঠে নেমেছি। তারপরও নিজেকে প্রমাণ করে দলে থেকে গেছি। শ্রীলঙ্কার বিপক্ষেও এমন হয়েছে, খারাপ করলেই বাদ। কিন্তু ঠিকই টিকে যাই। পরে নিউজিল্যান্ডের বিপক্ষেও একই অবস্থা। ভালো করলেও চোটের কারণে শেষ পর্যন্ত বাদ পড়তে হয়।" নাজমুল বলেন, "কখনো খুব খারাপ করেছি এমন নয়। কোচ ডেভ হোয়াটমোরের সময় দলে নিয়মিত ছিলাম। কোচ জেমি সিডন্সের সময়টা গেছে দলে আসা-যাওয়ার মধ্যে।" এবার থিতু হতে চান নাজমুল। হোয়াটমোর ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। আর সিডন্স কোচের দায়িত্ব পালন করেন ২০০৭ সালের ২৮ অক্টোবর থেকে ২০১১ সালের ১৩ এপ্রিল পর্যন্ত। আট বছরের আন্তর্জাতিক ক্রিকেট-জীবনে চোটের কারণে সেভাবে খেলা হয়নি নাজমুলের। তিনি বলেন, "আট বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও খুব বেশি ম্যাচ খেলা হয়ে ওঠেনি। তবে গত দুই বছরে কিছুটা নিয়মিত ছিলাম। কখনো খারাপ খেলে বাদ পরিনি। প্রতিবার চোটের কারণে বাদ পড়েছি। তবে ছন্দে ফিরতে কখনোই বেশি সময় লাগেনি। কঠোর পরিশ্রম করে দ্রুত ছন্দ ফিরে পেয়েছি।" চোটের কারণে দলে নেই মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেন। এ ব্যাপারে তিনি বলেন, "চোট খেলারই অংশ। মাশরাফি ও শাহাদাতের চোট দুঃখজনক। তবে তাদের চোটের কারণে অন্যদের প্রমাণ করার সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে দলে জায়গা পাকা হতে পারে।" "একদিনের দলে নিয়মিত হলেও টেস্টে নিয়মিত নই," স্বীকার করেন নাজমুল। তিনি বলেন, "জিম্বাবুয়েতে অনেক খেলেছি। হারারের উইকেটে বাউন্স ও গতি আছে। ওই পিচে পেসাররা বাড়তি সুবিধা পান। তাই সেখানে বাড়তি পেসার খেলালে ভালো ফল পাওয়া যেতে পারে।" প্রাথমিক দলে পাঁচজন পেসার রয়েছে। সে কারণে জিম্বাবুয়ে সফরের জন্য দলে থাকা নিয়ে তীব্র লড়াই হবে। নাজমুল মনে করেন, ধারাবাহিকভাবে যারা ভালো করছেন, অনুশীলনে ভালো করছেন তারাই দলে জায়গা পাবেন।" জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ সারোয়ার ইমরানের ব্যাপারে তিনি বলেন, "কোচ হিসেবে তিনি অসাধারণ। আমি ব্যাক্তিগতভাবে মনে করি, দেশের পেসারদের সহায়তা করার জন্য তিনিই সেরা ব্যাক্তি। তার কাছ থেকে অনেক সহায়তা পেয়েছি। তার সঙ্গে মন খুলে কথা বলা যায়।" সুযোগ পেলে জিওফ লওসনের কাছ থেকেও প্রশিক্ষণ নিতে চান নাজমুল। তিনি বলেন, "লওসনের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। বিশেষ করে, ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে বল করতে হয়, ব্যাটসম্যানের শক্তিশালী ও দুর্বল দিক কিভাবে বোঝা যায়, সে সব ব্যাপারে তার পরামর্শ নিঃসন্দেহে খুব কাজে লাগবে।" একদিনের ক্রিকেটে দুই প্রান্তেই নতুন বল ব্যবহার করা হলে দলে পেসারদের সংখ্যা বাড়বে বলে মনে করেন তিনি। বলেন, "এটা পেসারদের জন্য একটা বড় সুযোগ। পেসারদের ব্যবহার এখন বাড়বে।" দেশের পিচে বল করা পেসারদের জন্য খুব কঠিন বলে তিনি মনে করেন। বলেন, "দেশে খেললে প্রথম ১০ ওভারে আমরা বেশি উইকেট নেয়ার চেষ্টা করি। এখানে ব্যাটসম্যান একবার সেট হয়ে গেলে আউট করা খুব কঠিন।" "দুই প্রান্তে নতুন বল ব্যবহার করা হলে রিভার্স সুইং পাওয়া কঠিন হবে। তাই গতিতে বৈচিত্র আনতে হবে। এখন এগুলো নিয়ে কাজ করছি," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪২ ঘ.