২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভালো খেললে রেকর্ড এমনিতেই ধরা দেয়'

আর একটি মাত্র শতক। তাহলেই শতরানের শতক হাঁকিয়ে ফেলবেন শচীন টেন্ডুলকার। তবে রেকর্ডের পেছনে দৌড়ানোর প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। বলেন, প্রয়োজন ভালো খেলার। ভালো খেলতে পারলে রেকর্ড এমনিতেই ধরা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর একটি মাত্র শতক। তাহলেই শতরানের শতক হাঁকিয়ে ফেলবেন শচীন টেন্ডুলকার। তবে রেকর্ডের পেছনে দৌড়ানোর প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। বলেন, প্রয়োজন ভালো খেলার। ভালো খেলতে পারলে রেকর্ড এমনিতেই ধরা দেবে। টেস্টে শচীনের শতক রয়েছে ৫১টি। একদিনের খেলায় ৪৮টি। এছাড়া টি- টোয়েন্টিতেও একটি শতক আছে তার। ডেইলি টেলিগ্রাফকে শচীন বলেন, "রেকর্ডের বিষয়টি আমার মাথায় নেই। আমার মাথায় আছে কেবল ইংল্যান্ড সফর উপভোগ করার কথা।" নিজের খেলার গোপন কথাও ফাঁস করে দেন তিনি। বলেন, "আমার ভাবনায় আছে কেবল কিভাবে ক্রিকেট খেলা সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। উপভোগের মাত্রা বাড়ানোর উপায়ও মাথায় থাকে সব সময়। আর আমার খেলার গোপন কথাই হলো রেকর্ড তাড়া করা নয়।" "যদি উপভোগের মাত্রা বাড়াতে পারি তাহলে স্বাভাবিকভাবেই খেলার মান উন্নত হয়। আর এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়", বলেন তিনি, "যদি আমি ভালো খেলতে পারি, তাহলে রেকর্ড ধরা দেবে এমনিতেই। তাই রেকর্ড তাড়া করার কোনো অর্থ হয় না।" রেকর্ড গড়ার বিষয়টিকে একটি চলমান প্রক্রিয়া বলে অভিহিত করেন তিনি। চার ম্যাচের টেস্ট সিরিজ, পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য এ মাসের মাঝামাঝি সময় ইংল্যান্ড সফরে যাবে ভারত। প্রথম টেস্ট শুরু হবে লর্ডসে, ২১ জুলাই। এটি হবে টেস্ট ইতিহাসের ২০০০তম ম্যাচ। বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় ভারত। তবে বিশ্রাম নেয়ায় দলের সঙ্গে যেতে পারেননি শচীন। সফরে খর্ব শক্তির ভারত তিন টেস্টের সিরিজ জেতে ১-০ ব্যবধানে। আর ৩-২ ব্যবধানে জেতে একদিনের সিরিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২০ ঘ.