২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাটের সংকীর্ণ বক্তবে হতাশ আফ্রিদি

শহিদ আফ্রিদির কাছ থেকে পাকিস্তানের একদিনের দলের অধিনায়কত্ব কেড়ে নেয়ার পক্ষে যুক্তি দিতে গিয়ে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট যে সব সংকীর্ণ বিষয় টেনে এনেছেন তাতে রীতিমতো হতাশ আফ্রিদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহিদ আফ্রিদির কাছ থেকে পাকিস্তানের একদিনের দলের অধিনায়কত্ব কেড়ে নেয়ার পক্ষে যুক্তি দিতে গিয়ে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট যে সব সংকীর্ণ বিষয় টেনে এনেছেন তাতে রীতিমতো হতাশ আফ্রিদি। ডেইলি টাইমসকে তিনি বলেন, "পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান যে সব সংকীর্ণ বিষয় টেনে এনেছেন তা মোটেও কাক্সিক্ষত নয়। এ কারণে আমি হতাশ।" "তিনিই আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন। আর ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ভক্তরা পর্যন্ত আমার নেতৃত্ব ও দলকে এক সূতোয় গাঁথার প্রশংসা করেছেন," বলেন তিনি। এ বছরের বিশ্বকাপে আফ্রিদির নেতৃত্বেই সেমিফাইনালে ওঠে পাকিস্তান। ১৯৯৯ সালের পর একদিনের ক্রিকেটে এটিই পাকিস্তানের সেরা সাফল্য। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম তিনটি খেলা জিতে নেয় তার দল। চতুর্থ খেলায় প্রথম একাদশ গঠন নিয়ে তিনি বিরোধে জড়িয়ে পড়েন কোচ সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনুসের সঙ্গে। এর প্রভাবও পড়ে খেলায়। পাকিস্তানকে হার মানতে হয় শেষ দু'টি খেলায়। দেশে ফিরে এ ব্যাপারে প্রকাশ্যে মন্তব্য করায় আফ্রিদির অধিনাকত্ব কেড়ে নেয়া হয়। শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা দিয়ে এর জবাব দেন তিনি। শর্ত হিসেবে পিসিবির বর্তমান নেতৃত্বের অধীনে আর কখনোই খেলবেন না বলে আফ্রিদি জানিয়ে দেন। সেই সঙ্গে বলেন, নেতৃত্ব পরিবর্তন হলে তার খেলতে আপত্তি নেই। গত সপ্তাহে জিও সুপার টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে আফ্রিদিকে বরখাস্ত করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ দু'টি খেলায় হারার কথা উল্লেখ করেন বাট। একই সঙ্গে তিনি বলেন, আফ্রিদির মধ্যে নেতৃত্বের গুণাবলী নেই। আফ্রিদি বর্তমানে ইংল্যান্ডে ফ্রেন্ডস লইফ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় হ্যাম্পশায়ারের হয়ে খেলছেন। আফ্রিদি বলেন, তিনি তার পরবর্তী পদক্ষেপ নেয়ার আগে আইনজীবীর সঙ্গে আলোচনা করবেন। তিনি আরো বলেন, "যারা আমার বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে, আমি তাদের মুখোস খুলে দেবো। এই মুহূর্তে কিছু বলতে চাই না। দেশে ফিরে এর জবাব দেবো। আফ্রিদির আইনজীবী সৈয়দ আলি জাফর বলেছেন, তার মক্কেল চাইলে বাটকে আদালতে তুলতে পারেন। কেননা আফ্রিদিকে আর পাকিস্তানের নেতৃত্বে দেখা যাবে না-এই মন্তব্য করে বাট দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। পরিচালনা পরিষদের সদস্যদের জন্য এটা আদেশ বা নির্দেশের মতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৫০ ঘ.