২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডমিনিকা টেস্ট ড্র, সিরিজ ভারতের

ডমিনিকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ও শেষ টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ফলে তিন টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 04:49 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডমিনিকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ও শেষ টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ফলে তিন টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল ভারত। প্রথম টেস্টে ভারত জেতে ৬৩ রানে। দ্বিতীয়টি ড্র হয়। ওয়েস্ট ইন্ডিজের প্রথম পালায় ২০৪ রানের জবাবে ভারত করে ৩৪৭। কার্ক এডোয়ার্ডসের প্রথম শতক ও শিবনারায়ন চন্দরপলের ২৩তম শতকের সুবাদে দ্বিতীয় পালায় ৩২২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডসর পার্কে দলটি ৬ উইকেটে ২২৪ রান নিয়ে রোববার পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক ড্যারেন সামি তার ১ রানের ইনিংসটিকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। দলীয় ২৫৫ রানের মাথায় ১৭ রান করে বিদায় নেন তিনি। দলের সঙ্গে আর ১ রান যোগ হতেই রান-আউট হয়ে ফিরে যান রবি রামপল। তখন মনে হচ্ছিল হয়তো হেরেই যাবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান চন্দরপল ও ফিদেল এডোয়ার্ডস লড়তে থাকেন ম্যাচ বাঁচানোর জন্য। ব্যাট করতে থাকেন মাথা নিচু করে। ৩২১ রানের মাথায় ৩০ রান করে বিদায় নিলেও ১৫৭ মিনিট উইকেটে থেকে খেলেন তিনি ১০৬ বল। শেষ পর্যন্ত ১১৬ রানে অপরাজিত থাকেন চন্দরপল। ৫০১ মিনিট ব্যাট করে খেলেন তিনি ৩৪৩ বল। চার মারেন মাত্র ৫টি। ছক্কা হাঁকাননি একটিও। ভারতের বোলারদের মধ্যে হরভজন সিং ৪ উইকেট নেন ৭৫ রানে। এছাড়া ২টি করে উইকেট নেন সুরেশ রায়না ও প্রবিন কুমার। এজন্য রায়না দেন ৩২ রান। প্রবিন ৪৪। বিকেলে জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই নিজেদের গুটিয়ে নেয় ভারত। কেননা উদ্বোধনী বোলার এডোয়ার্ডসের প্রথম বলেই ফিরে যান অভিনব মুকুন্দ। আগের পালাতেও তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার। ৫ উইকেট নিয়েছিলেন ১০৩ রান দিয়ে। এর পর অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ও রাহুল দ্রাবিড় খেলতে থাকেন দেখেশুনে। দলীয় ৭৩ রানের মাথায় বিজয় ৭৮ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরে গেলেও শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থাকেন দ্রাবিড়। অন্য প্রান্তে আরেক অপরাজিত ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের খাতায় জমা তখন ৩ রান। এর আগে অবশ্য রামপলের বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন রায়না (৮)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রামপল ২ উইকেট নেন ৩১ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১০৪৬ ঘ.