২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জহুরুলের জিম্বাবুয়ে সফর নিয়ে সংশয়

চোখের সংক্রমণে আক্রান্তউইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলামের জিম্বাবুয়ে সফর নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোখের সংক্রমণে আক্রান্তউইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলামের জিম্বাবুয়ে সফর নিয়ে সংশয় দেখা দিয়েছে। শনিবার বাংলাদেশ আই হাসপাতালে ডা. মাহবুবুর রহমান তার চোখ পরীক্ষা করে উন্নতি হচ্ছে বলে জানালেও চূড়ান্ত প্রতিবেদন দেয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় নিয়েছেন। জহুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসক বলেছেন চোখের উন্নতি হচ্ছে। আমিও বুঝতে পারছি কিছুটা উন্নতি হয়েছে, তবে খুব ধীরে। চিকিৎসক আশ্বাস দিয়েছেন ধীরে ধীরে সমস্যা কেটে যাবে। আজ আবার একটা ওষুধ বাড়িয়ে দিয়েছেন। দেখা যাক কী হয়।" জহুরুলকে অনুশীলন না করারও পরামর্শ দেন চিকিৎসক। জহুরুল প্রসঙ্গে প্রধান নির্বাচক আকরাম খান বলেন, "দল নির্বাচনের আগে আমরা ডাক্তারের রিপোর্ট দেখবো। তিনি 'ফিট' বলে কাউকে ছাড়পত্র না দিলে দলে নেয়ার কোনো সুযোগ নেই। তবে এখনো জহুরুলের ব্যাপারে চূড়ান্ত রিপোর্ট পাইনি।" জাতীয় দলের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, "আশা করছিলাম শনিবার নাগাদ চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে। তবে চোখের ডাক্তার মঙ্গলবার পর্যন্ত সময় নিয়েছেন। তার আগে কিছু বলা যাবে না।" দেবাশীষ আরও বলেন, "তবে পরিস্থিতি যা তাতে ধরে নেয়া যায় জিম্বাবুয়ে সফরে জহুরুলের না থাকার সম্ভাবনা বেশি। তা ছাড়া প্রস্তুতিতেও বেশ পিছিয়ে আছে সে। ছন্দে ফিরতেও সময় লাগবে।" তিনি জানান, শনিবার প্রধান নির্বাচক আকরাম খানের কাছে প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তবে জহুরুলের ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদনের জন্য চোখের ডাক্তারের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। এছাড়া দলে তেমন কোনো সমস্যা নেই বলে জানান দেবাশীষ। দুই-একটা ছোটখাটো সমস্যার কথা ইঙ্গিত করেছেন। তবে সেগুলো খুব একটা বড় কিছু নয় বলেই তার বিশ্বাস। এছাড়া দলের সবাই 'ফিট' ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৯২৭ ঘ.