ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের ব্যাটিং দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ সারোয়ার ইমরান।
জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে শনিবার সারোয়ার বলেন, "ব্যাটসম্যানরা পরিকল্পনা মতোই ব্যাট করছেন। দু'য়েকটা ভুল হয়েছে, তবে সব পরিকল্পনা মতোই হচ্ছে।"
প্রস্তুতি ম্যাচের পিচের প্রশংসা করলেও কোচ বলেন, "এটা ঠিক টেস্ট পিচ নয়। বোলাররা এখান থেকে খুব একটা সুবিধা পাচ্ছেন না। আরেকটু বাউন্স ও পেস থাকলে ভালো হতো।"
জিম্বাবুয়ে সফরের আগে যত বেশি সম্ভব প্রস্তুতি ম্যাচ খেলার পক্ষে ইমরান। বলেন, "যত বেশি সম্ভব প্রস্তুতি ম্যাচ খেলতে চাই। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে। তাছাড়া জিম্বাবুয়েতেও আমাদের একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে।"
অনুশীলন ও প্রস্তুতির জন্য জাতীয় দল একাডেমি মাঠ ব্যবহার করছে। দুই দিনের প্রস্তুতি ম্যাচে একাডেমির চারজন খেলোয়াড় দুই দলে খেলছেন। সেই একাডেমির প্রশংসাও ঝরেছে ইমরানের মুখে। তিনি বলেন, "একাডেমি থাকায় প্রস্তুতি ভালো হচ্ছে।"
শুধু ব্যাটসম্যানরাই নয় তার চিন্তায় রয়েছেন বোলাররাও। দিনের প্রথম সেশনেই ৫ ওভার পিছিয়ে পড়ে লাল দলের বোলাররা। একারণে স্লো ওভার রেটের শঙ্কা কাটাতে বোলারদের আরো দায়িত্ব নিয়ে বল করতে বলেছেন ইমরান।
তিনি বলেন, "ওভার রেটে আমরা প্রথম সেশনেই পিছিয়ে পড়েছি। এটা নিয়ে আরও ভাবতে হবে। নিয়ম এখন অনেক কড়া, স্লো ওভার রেটের কারণে চড়া মাসুল গুনতে হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৭৫১ ঘ.
bdnews24