ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নিয়েছেন হরভজন সিং। যদিও ভারতের এই স্পিনারের দাবি, তার সেরাটা এখনো দেখেনি ক্রিকেট বিশ্ব।
এর আগে দশজন ক্রিকেটার টেস্টে ৪০০ উইকেটের ঘর ছুঁতে পেরেছিলেন। এর মধ্যে আছেন ভারতের কপিল দেব ও অনিল কুম্বলে।
ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের কার্লটন বগকে বোল্ড করে নিজের ৪০০তম টেস্ট উইকেট নেন ভারতের স্পিনার হরভজন সিং। এদিন ড্যারেন সামির উইকেটটিও পান তিনি।
দিন শেষে হরভজন বলেন, "আমার বয়স মাত্র ৩১। তাছাড়া কঠোর পরিশ্রম করেই আমাকে শেষ সাতটি উইকেট নিতে হয়েছে। আশা করি, পরবর্তী ২০০ উইকেট দ্রুতই পাবো।"
এটা হরভজনের ৯৬তম টেস্ট। ১৯৯৮ সালের মার্চে ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।
হরভজন আরো বলেন, "খেলোয়াড়-জীবনে আমি অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছি। যদিও খারাপ সময়ই আমাকে বেশি দেখতে হয়েছে। এই মাইলফলকে পৌঁছতে আমি কঠোর পরিশ্রম করেছি। বয়সের সঙ্গে সঙ্গে স্পিনাররা পরিপক্ক হন। অনিল কুম্বলে, শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের মত স্পিনাররা তিরিশের পরই দ্রুত উইকেট নিয়েছেন। সে হিসেবে সময়টা আমার পক্ষে। আমি এখনো তরুণ ও ক্রিকেটকে অনেক কিছু দেয়ার আছে। যদি সুস্থ থাকি তবে ভারতকে এর চেয়েও ভালো কিছু দিতে পারবো।"
হরভজনের মতে, নিজের ভালো দিনে উইকেট নেয়া তার জন্য সহজ। তবে যেদিন উইকেট পান না সেদিন কম রান দিতে চেষ্টা করেন তিনি। এটাই তার খেলার ধরণ বলে জানান হরভজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিএ/১৯৩১ ঘ.
bdnews24