২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জাতীয় দলে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি'

জাতীয় দলে প্রতিযোগিতা অনেক তীব্র বলে মনে করছেন শুভগত হোম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলে প্রতিযোগিতা অনেক তীব্র বলে মনে করছেন শুভগত হোম চৌধুরী। জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে রয়েছেন শুভগত। অনুশীলন করছেন দলের সঙ্গে। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজের দলেও ডাক পেয়েছিলেন। সেবার খেলা হয়নি। তবে এবার খেলার ব্যাপারে আশাবাদী তিনি। বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে বলেন, "আশা করছি ভালো কিছু করবো। পরিশ্রম করছি, সুযোগ পেলে ভালো কিছু করতে চাই।" বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ছিলেন না মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিকের মতো ক্রিকেটাররা। এবার তারা সবাই আছেন। সে কারণে এবারের ক্যাম্পে প্রতিযোগিতা অনেক তীব্র বলে মনে করেন শুভগত। "এর আগের বার ১০/১২ দিন ছিলাম, এবার অনেক বেশি সময় ধরে আছি। আশরাফুল ভাই, জুনায়েদ ভাই সবাই আছেন। এবার প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি।" এক মাসের কন্ডিশনিং ক্যাম্পে থেকে ফিটনেস লেভেল বেশ উপরে উঠেছে বলে মনে করছেন শুভগত। বলেন, "কন্ডিশনিং ক্যাম্প খুব কাজে এসেছে। ফিটনেস অনেক বেড়েছে।" খেলার মধ্যেই আছেন শুভ। জাতীয় লিগে খেলেছেন তিনটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে খেলেছেন দুটি চারদিনের ম্যাচ। এ পর্যন্ত খেলেছেন ১০টি প্রথম শ্রেণীর ম্যাচ। এতে তিন শতক সহ ৬১.২৬ গড়ে করেছেন ৯১৯ রান। সর্বোচ্চ অপরাজিত ১৬৬। আর বল হাতে ২৬.৮৩ গড়ে নিয়েছেন ৬ উইকেট। সেরা ৪/৩৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১০৪০ ঘ.