ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তুতি ম্যাচ দেখে আগামী সপ্তাহের শেষ দিকে দল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান। আর অন্তবর্তীকালীন কোচ সারোয়ার ইমরান বলেছেন, ওই ম্যাচ দেখে জিম্বাবুয়ে বধের কৌশল ঠিক করা হবে।
জিপি-বিসিবি একাডেমি মাঠে বৃহস্পতিবার বাংলাদেশের প্রাথমিক দলের অনুশীলনের ফাঁকে ইমরান বলেন, "জিম্বাবুয়ে নয়, নিজেদের নিয়েই ভাবছি। আগে নিজেদের সামর্থ্য যাচাই করে দেখতে চাই। দুই দিনের প্রস্তুত ম্যাচ দেখে কৌশল ঠিক করা হবে।"
একাডেমি মাঠে শনিবার বাংলাদেশ দলের খেলোয়াড়দের দুই ভাগ হয়ে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা।
ইমরান বলেন, "শতভাগ প্রস্তুতি নিশ্চিত করার জন্য প্রস্তুতি ম্যাচের বিকল্প নেই। তবে বৃষ্টির কারণে ম্যাচ খেলাই কঠিন হয়ে পড়েছে। মাঠ প্রস্তুত, পিচও প্রস্তুত। খেলতে দিচ্ছে না আবহাওয়াই।"
একাডেমি মাঠের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনকেই আপাতত যথেষ্ট বলে মানতে হচ্ছে তাকে। তিনি বলেন, "উইকেটটি খুব ভালো। ঘাস আছে, পিচে বাউন্স আছে। এছাড়া ইনডোরেও ব্যাটিং অনুশীলন করছেন ব্যাটসম্যানরা।"
প্রস্তুতি ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন তিন নির্বাচকও। অনুশীলন শুরু হওয়ার পর প্রতিদিন মাঠে আসছেন প্রধান নির্বাচক আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
আকরাম খান বলেন, "আগামী সপ্তাহের শেষ দিকে আমরা দল ঘোষণা করবো। দু'টি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেগুলো দেখে নিই আগে।"
১৬ কিংবা ১৭ তারিখে অনুশীলনে যোগ দিতে পারেন অধিনায়ক সাকিব আল হাসান, সহ-অধিনায়ক তামিম ইকবাল এবং নতুন কোচ স্টুয়ার্ট ল।
ভারপ্রান্ত ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান বলেন, "কাউন্টি ক্রিকেটে সাকিব ও তামিমের শেষ খেলা ১৫ জুলাই। সেদিন কিংবা পরদিন দেশের উদ্দেশে রওনা দেবেন তারা।"
সাকিব ও তামিমের সঙ্গে একই দিন কিংবা পরদিন আসতে পারেন ল। শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর শেষে শ্রীলঙ্কায় যাবেন ল। সেখান থেকে ইংল্যান্ড হয়ে বাংলাদেশে আসবেন তিনি।
সাব্বির বলেন, "চলমান সিরিজ শেষে ক্রিকেট শ্রীলঙ্কার সঙ্গে সব লেনদেন মিটিয়ে ইংল্যান্ড যাবেন। সেখান থেকে আসবেন বাংলাদেশে।"
এছাড়া আসছে সপ্তাহেই দলের ফিল্ডিং কোচ ও ফিজিও চূড়ান্ত করা হতে পারে বলে জানান সাব্বির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/
bdnews24