২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে প্রমাণের কিছু নেই: ইমরুল

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত রান করার পর নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই বলে মনে করছেন ইমরুল কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত রান করার পর নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই বলে মনে করছেন ইমরুল কায়েস। জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস জিপি-বিসিবি একাডেমি মাঠে বুধবার ঘাম ঝরানো অনুশীলন শেষে বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিতই রান পাচ্ছি।" তাই বলে নিজেকে জাতীয় দলের প্রতিষ্ঠিত খেলোয়াড় ভাবছেন না। প্রতিটি ম্যাচকে দেখেন নতুন একটা সুযোগ হিসেবে। এ প্রসঙ্গে তিনি বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় চাপ থাকে। নিজে প্রতিষ্ঠিত খেলোয়াড় কী না, তা নিয়ে ভাবি না। প্রতিটি ম্যাচই নতুন। রান করার চাপ সব সময়ই থাকে।" উদ্বোধনী সঙ্গী তামিম ইকবাল নটিংহ্যামশায়ারের হয়ে ভালো খেলছেন। সুযোগ পেলে আপনি কি পারবেন? এই প্রশ্নের জবাবে ইমরুল বলেন, "পারবো না কেন? আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আর কোথাও রান করা এতো কঠিন নয়। ধারাবাহিকভাবে রান পাচ্ছি। একদিন সুযোগ পেলেও পেতে পারি।" বিদেশে খেলার সুযোগ পেলে অনেক বড় খেলোয়াড়ের সঙ্গে খেলা যেতো। অনেক কিছু দেখা যেতো বলে মনে করেন ইমরুল। বুধবার জিপি-বিসিবি একাডেমি মাঠে বাংলাদেশ দল অনুশীলন করে। এ সময় তিন নির্বাচক আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন। একাডেমির পিচ নিয়ে ইমরুল বলেন, "পিচ একটু ভিন্ন, ঠিক টেস্ট পিচ নয়। এতে বাউন্স একটু কম, টেস্ট পিচে বাউন্স আরেকটু বেশি থাকে। ঘাসের পিচেও ব্যাটিং করছি। তবে বাউন্স ঠিক থাকে না, কখনো বল উঠছে কখনো নিচু হয়ে যাচ্ছে।" প্রস্তুতি ম্যাচের ঘাটতির কথা বলা হচ্ছে। প্রস্তুতি ম্যাচের জন্য কোনো মাঠই প্রস্তুত নয়। একাডেমির মাঠেই হয়তো প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। এ মাঠে খেলা যাবে কি না সে প্রশ্নের জবাবে ইমরুল বলেন, "আমার ধারণা নেই। তবে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলা দরকার। এ মাঠে হবে কী না জানি না, তবে আমাদের খেলতে হবে।" দলে জায়গা পাকা করার জন্য সব খেলোয়াড় মাঠে ভালো খেলার জন্য মুখিয়ে আছেন বলে বলে উল্লেখ করে তিনি বলেন, এজন্য সবাই কঠোর অনুশীলন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৪৯ ঘ.