ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে খেলার জন্য অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ও একদিনের দল ঘোষণা করা হয়েছে। শন মার্শ ও ডোগ বোলিঞ্জার ফিরলেও বাদ পড়েছেন ক্যামেরন হোয়াইট। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দলে জায়গা হয়েছে হোয়াইটের।
গত গ্রীষ্মে দেশের মাটিতে একদিনের খেলায় হোয়াইটকে মাঠে নামার সুযোগই দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ভালো খেলতে পারেননি বিশ্বকাপে। আর বাংলাদেশ সফরের মাঝামাঝি সময় তো বাদই পড়েন দল থেকে। তারপরও আশা করেছিলেন একদিনের দলে সুযোগ পাবেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা গোপন করারও চেষ্টা করেননি হোয়াইট। বলেন, "আসলেই আমার মনটা খুব খারাপ হয়েছে। একথা সত্যি যে আমি আমার সেরা 'ফর্মে' নেই। তারপরও আশা করেছিলাম দলে সুযোগ পাবো। তাই দলে জায়গা না দিয়ে আক্ষরিক অর্থেই আমার অহমিকায় আঘাত করা হয়েছে।"
শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দু'টি টি-টোয়েন্টি, পাঁচটি একদিনের ম্যাচ ও তিনটি টেস্ট খেলবে। টি- টোয়েন্টি দল শ্রীলঙ্কা যাবে ৩০ জুলাই। ৫ অগাস্ট যাবে একদিনের দলের বাকি ক্রিকেটাররা। আর জুলাইয়ের শেষের দিকে টেস্ট দল ঘোষণা করা হবে।
অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফর শুরু হবে দুই ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে। প্রথম খেলা হবে ৬ অগাস্ট, পাল্লেকেলেতে।
টি-টোয়েন্টি দল: শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, ব্র্যাড হ্যাডিন, শন মার্শ, ডেভিড হাসি, ক্যামেরন হোয়াইট (অধিনায়ক), আরন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, স্টিভ ও'কিফ, জন হেস্টিংস, মিচেল জনসন, ব্রেট লি ও জেমস প্যাটিনসন।
একদিনের দল: শেন ওয়াটসন, ব্র্যাড হ্যাডিন, শন মার্শ, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড হাসি, মাইক হাসি, স্টিভেন স্মিথ, জন হেস্টিংস, মিচেল জনসন, ব্রেট লি, হাভিয়ের ডোয়ার্টি, জেমস প্যাটিনসন ও ডোগ বোলিঞ্জার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০৯ ঘ.
bdnews24