ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের বোলারদের জন্য এ মুহূর্তে আলাদা বোলিং কোচ প্রয়োজন নেই বলে মনে করছেন শফিউল ইসলাম।
মঙ্গলবার বৃষ্টির কারণে বাংলাদেশ দলের অনুশীলন নির্ধারিত সময়ের একটু আগে শেষ হয়। সে সময় রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পেসার শফিউল বলেন, "এ মুহূর্তে আলাদা বোলিং কোচের প্রয়োজন নেই। ইমরান স্যার (সারোয়ার ইমরান) আছেন। একাডেমিতেও তার কাছে আমি প্রশিক্ষণ নিয়েছি। আমার মনে হয় উনিই যথেষ্ট।"
চোটের কারণে পেসার মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেন রাজিব জিম্বাবুয়ে সফরের প্রাথমিক দলে না থাকায় পেস আক্রমণে নেতৃত্ব দিতে পারেন শফিউল। এই মুহূর্তে অবশ্য তিনিও সুস্থ নন। বলেন, "জ্বর ছিল বলে এতোদিন বল করিনি। আশা করছি, বুধবার থেকে বল করতে পারবো।"
শফিউল বলেন, "ছন্দ ফিরে পেতে সময় লাগবে বলে। তবে কঠোর পরিশ্রম করলে হয়তো সময়টা কমিয়ে আনা সম্ভব।"
মাশরাফি, রাজিব না থাকায় পেস আক্রমণ একটু অনভিজ্ঞ হয়ে পড়বে বলে স্বীকার করেন শফিউল। তিনি বলেন, "অভিজ্ঞ দুই পেসার না থাকায় আমাদের উপর চাপ বেশি থাকবে। ওই চাপ কাটাতে আমাদের বাড়তি পরিশ্রম করতে হবে।"
নতুন বলে সঙ্গী হিসেবে শফিউলের পছন্দ রুবেল হোসেনকে। বলেন, "রুবেলের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। বিশ্বকাপেও খেলেছি। তার সঙ্গে আমার মেলে ভালো।"
লাল বা সাদা বলকে আলাদাভাবে দেখছেন না শফিউল। বলেছেন, "দুই রকম বলকে আলাদা করে দেখার কিছু নেই। প্রস্তুতিটাই আসল কথা। লাল বলের সময় এক রকম খেলা আর সাদা বলের সময় অন্য রকম খেলা। আসলে অবস্থা অনুযায়ী ব্যবস্থা।"
১৪ মাস পরে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না। বলেন, "যখন যে ধরনের খেলা সে রকম প্রস্তুতি নিতে হয়। আমরা সেটাই নিচ্ছি।"
একদিনের ম্যাচ থেকে টেস্টকে এগিয়ে রাখছেন শফিউল। তিনি বলেন, "টেস্টে ফিরে আসার সুযোগ থাকে। কয়েকটি 'স্পেলে' বল করা যায়। এক 'স্পেলে' ভালো না করলেও অন্য 'স্পেলে' ফিরে আসার একটা সুযোগ থাকেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩২৩ ঘ.
bdnews24