২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশের হয়ে খেলাই স্বপ্ন'

আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলাই ইলিয়াস সানির স্বপ্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলাই ইলিয়াস সানির স্বপ্ন। জিম্বাবুয়ের সফরের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে রয়েছেন বাঁ-হাতি এই স্পিনার। অনুশীলনে কঠোর পরিশ্রম করে দলে জায়গা করে নিতে চান তিনি। প্রাথমিক দলে এবারই প্রথম নন সানি, এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক দলে ছিলেন তিনি। সেবার খেলা হয়নি, এবার খেলার ব্যাপারে আশাবাদী তিনি। জাতীয় দলে জায়গা করে নেয়ার জন্য প্রস্তুতি ম্যাচগুলোতে ভালো করতে চান তিনি। বলেন, "অনুশীলনে কঠোর পরিশ্রম করছি। প্রস্তুতি ম্যাচগুলোতে ভালো করতে হবে, এর কোনো বিকল্প নেই।" সানি বলেন, "বাংলাদেশ দলে ডাক পাওয়া এখন অনেক বড় ব্যাপার। খুব ভালো লাগছে। উপভোগ করছি। এটা একটা স্বপ্নের মতো। সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে খেলা। আমারও স্বপ্ন তাই।" প্রায় ১৪ মাস পর টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি। বলেন, "আমরা চারদিনের ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেট শেষ করেছি। খেলোয়াড়রা খেলার মধ্যেই ছিলেন। লাল বলই হোক আর সাদা বলই হোক, মানিয়ে নেয়া কঠিন হবে না। ভালো ফল পেতে চাইলে ভালো খেলতে হবে। সে জন্য আমরা কঠোর পরিশ্রম করছি।" এক মাসের ক্যাম্পে থেকে 'ফিটনেস' আগের চেয়ে বেড়েছে বলে মনে করেন তিনি। বলেন, "ওই ক্যাম্প আমাদের বেশ কাজে দিয়েছে।" সানি ৫৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। এতে ৩ শতকসহ ২৪.৭৫ গড়ে ১৯০৬ রান করেছেন, সর্বোচ্চ ১৭৬। তবে বল হাতে আরো উজ্জ্বল তিনি। ২৫.২০ গড়ে নেন ২০০ উইকেট। সেরা ৭/৭৯। দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের সেরা খেলোয়াড় হন ইলিয়াস সানি। ব্যাটিং ও বোলিং দু বিভাগেই তালিকার পঞ্চম স্থানে ছিলেন। ব্যাট হাতে ৬ খেলায় করেন ৪১৩ রান। বল হাতে নেন ২২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৩৭ ঘ.