ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের ওয়েস্ট ইন্ডিজের উইকেটে ব্যাট করা সবচেয়ে কঠিন বলে মনে করছেন রাহুল দ্রাবিড়। যদিও চতুর্থবারের মতো ভারত দলের সঙ্গে সে দেশ সফর করছেন তিনি।
তিন ম্যাচের টেস্ট সিরিজ চলছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। রানের জন্য লড়ছেন উভয় দলের ব্যাটসম্যানরা। দুর্দান্ত সব ব্যাটসম্যান নিয়েও দুই টেস্টে চারবার ব্যাট করতে নেমে একবারও তিন শ'র বেশি রান করতে পারেনি ভারত দল। এতেই প্রমাণ হয়ে যায় দ্রাবিড়ের কথা কতটা সত্য।
তিনি বলেন, "এখানে ব্যাটিং করা খুবই কঠিন। বিশেষ করে, নতুন বলে খেলা তরুণ ব্যাটসম্যানদের জন্য সহজ নয়। ওয়েস্ট ইন্ডিজে আমার চতুর্থ সফর এটি। অথচ উইকেটগুলোতে ব্যাট করা কঠিনই মনে হচ্ছে।"
যার মুখে এমন কথা, তিনিই কি না এ পর্যন্ত সিরিজে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন। চার ইনিংসে ৫৩ গড়ে রান করেছেন ২১২।
তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। বাকি আছে আর একটি টেস্ট। দলের সবার ভেতর সেই ম্যাচ জেতার তাগিদ দেখেছেন দ্রাবিড়। তিনি বলেন, দলের সবাই সেই টেস্টে জিততে চান।
"সবাই শেষটা ভালো করতে চায়। সে জন্য পাঁচদিনই আমাদের ভালো খেলতে হবে। আমি বিশ্বাস করি, আমরাই টেস্ট সিরিজ জিততে যাচ্ছি। দলের সবার ভাবনাও খুব ইতিবাচক," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২৩২৪ ঘ.
bdnews24