ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় পৌঁছেই কাজ শুরু করে দিয়েছেন জিপি-বিসিবি একাডেমি দলের বোলিং কোচ জিওফ লওসন।
গত রাতে ঢাকায় পৌঁছেন তিনি। সোমবার সকালে প্রশিক্ষণ দেন একাডেমির বোলারদের।
একাডেমি দলের পাশাপাশি বাংলাদেশ 'এ' দলের পেসারদেরও প্রশিক্ষণ দেবেন তিনি। সহায়তা করবেন একাডেমি দলের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতিতেও। একডেমি দল এই সফরে যাবে অগাস্টে।
একাডেমি ও বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটারদের নিয়ে তিন সপ্তাহ কাজ করবেন তিনি। দেশের শীর্ষস্থানীয় কোচদের সঙ্গে কয়েক দফা আলোচনাও করবেন।
অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার লওসন এর আগে ২০০৮-০৯ মৌসুমে পাকিস্তান দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশের হয়ে ৪৬টি টেস্ট ও ৬৩টি একদিনের ম্যাচ খেলেন তিনি।
গত ১৫ বছর ধরে কোচ হিসেবে কাজ করছেন লওসন। বর্তমানে তিনি কোচি টাস্কার্স কেরালার কোচ। এক সময় নিউ সাউথ ওয়েলসেরও কোচ ছিলেন।
বিশেষজ্ঞ পেস বোলিং কোচ হিসেবে তিনি প্রশিক্ষণ দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, স্টুয়ার্ট ক্লার্ক, ডোগ বোলিঞ্জার ও ড্যান ক্রিশ্চিয়ানকে।
একাডেমি দলের বিশেষজ্ঞ কোচ হিসেবে বুধবার থেকে কাজ শুরু করেছেন অ্যালান ক্যাম্পবেল। একাডেমি ও বাংলাদেশ 'এ' দলের ব্যাটসম্যান ও উইকেটরক্ষকদের নিয়ে একমাস কাজ করবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮২২ ঘ.
bdnews24