২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সহ-সভাপতি হলে দেশের ক্রিকেট এগিয়ে যাবে'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আইসিসির সহ-সভাপতির দায়িত্ব বাংলাদেশ পেলে দেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আইসিসির সহ-সভাপতির দায়িত্ব বাংলাদেশ পেলে দেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুস্তফা কামাল বলেন, "বাংলাদেশ শর্তসাপেক্ষে পর্যায়ক্রমিক পদ্ধতিতে সভাপতি নির্বাচনের প্রস্তাবিত সংশোধনীর পক্ষে মত দিয়েছে। ওই প্রস্তাবে সই করেছি কৌশলগত কারণে। সব ব্যাপার এখনো বিসিবিকে জানানো হয়নি। পরবর্তী বোর্ড সভায় সে সব বিষয় অবহিত করা হবে।" "সাধারণ সভায় পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিলের পক্ষে সুনির্দিষ্ট প্রস্তাব আনা হয়েছিল। এই প্রস্তাবটি নিয়ে আলোচনা হবে আইসিসির অক্টোবরের সভায়," বলেন তিনি। বিসিবি সভাপতি বলেন, "পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিল হচ্ছে না। তবে কিছু পরিবর্তন আনা পারে। কী ধরনের পরিবর্তন আনা হতে পারে তা বলার সময় এখনো আসেনি।" পর্যায়ক্রমিক পদ্ধতি অনুযায়ী, ২০১২ সালের সহ-সভাপতি নির্বাচনের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের প্রার্থী দেয়ার কথা। যিনি সহ-সভাপতি নির্বাচিত হবেন, ২০১৪ সালে তিনিই সভাপতির দায়িত্ব নেবেন। এর আগে পাকিস্তানের এহসান মানি যখন আইসিসির সভাপতি হন, তখন বাংলাদেশ ছাড় দিয়েছিল। এবার বাংলাদেশকে পাকিস্তান ছাড় দেবে কি না, এই প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, "আশা করি পাকিস্তান ছাড় দেবে।" প্রার্থী দিলে ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে তা আইসিসিকে জানাতে হবে। তবে গ্রহণ বা বর্জনের বিষয়টি আইসিসির উপর নির্ভর করছে, সে কারণে বাংলাদেশ সরকারকে দেন-দরবার করতে হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১১৪ ঘ.