ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
ব্রিজটাউনের কেনসিংটনে পঞ্চম দিন শনিবার ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্য বেঁধে দেয় সফরকারী ভারত। কিন্তু ৭ উইকেটে ২০২ রান তুলতেই শেষ হয়ে যায় দিনের খেলা।
এর আগে ৬ উইকেটে ২৬৯ রান করে দ্বিতীয় পালা ঘোষণা করে ভারত। প্রথম পালায় তাদের ২০১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ১৯০।
হাতে প্রায় পুরো দিন থাকায় মনে হয়েছিল জয়ের জন্যই খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটাও করে তার সেভাবে। কিন্তু ৫৫ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে হারের শঙ্কায় পড়ে স্বাগতিকরা।
ফলে ম্যাচ বাঁচানোর জন্য খেলতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও শিবনারায়ন চন্দরপল। ১০৯ রানের মাথায় চন্দরপলের বিদায়ের আগে দু'জনে মিলে দলের সঙ্গে যোগ করেন ৫৪। এতে চন্দরপলের অবদান মাত্র ১২ রান। অথচ এজন্য তিনি খেলেন ৮৭ বল।
তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান কার্লটন বগকে সঙ্গে নিয়ে খেলে যেতে থাকেন ব্রাভো। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ব্রাভো যখন সাজঘরে ফেরেন তখন দিনের খেলার আর খুব একটা বাকি ছিল না। ১৭৪ বলে ৮টি চারের সাহায্যে ৭৩ রান করেন তিনি।
শেষ পর্যন্ত বগ ৪৬ রানে অপরাজিত ছিলেন।
ভারতের পক্ষে ৫৩ রানে ৪ উইকেট নেন ইশান্ত শর্মা।
সকালে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। আগেভাগেই দ্বিতীয় পালা ঘোষণা করে কেনসিংটন টেস্ট জমিয়ে দিয়েছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
১৩ ওভার খেলে দলের সঙ্গে ৪০ রান যোগ হতেই দান ছেড়ে দেন তিনি। যদিও ওই সময়ে আরো তিনটি উইকেট হারায় তারা।
ভিভিএস লক্ষ্মণ ৮৭ ও রাহুল দ্রাবিড় ৫৫ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ফিদেল এডোয়ার্ডস ৫ উইকেট নেন ৭৬ রানে। এ নিয়ে নয়বার ৫ উইকেট নিলেন এডোয়ার্ডস।
প্রথম টেস্ট ৬৩ রানে জিতে ১-০ তে এগিয়ে আছে ভারত।
তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয়টি শুরু হবে ৬ জুলাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/১৬২৯ ঘ.
bdnews24