ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোর্ড সভাপতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশ বাস্তবায়নে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেষ্ঠ সহ-সভাপতি মাহবুবু আনাম।
আর সহ-সভাপতি আসাদুজ্জামান খসরু বলেন, ভবিষ্যতে নির্বাচিত সভাপতি বোর্ডের দায়িত্ব নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার মাহবুবু আনাম বলেন, "আমাদের গঠনতন্ত্রে বোর্ড সভাপতি নিয়োগের ব্যাপারে বলা হয়েছে, তিনি নির্বাচিত অথবা মনোনীত হবেন। তাই এ ব্যাপারে আমাদের কোনো সমস্যা হবে না।"
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার সদস্য দেশের ক্রিকেট বোর্ড থেকে দু'বছরের মধ্যে রাজনৈতিক ব্যক্তিদের সরিয়ে দেয়ার নির্দেশ দেয়।
এ প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, "দেশের বাইরে থাকায় পত্র-পত্রিকা পড়ে এ কথা জেনেছি। এছাড়া আইসিসি দু'বছর সময়ও দিয়েছে। আমাদের গঠনতন্ত্রেও ব্যাপারটি আছে, শুধু বাস্তবায়ন করতে হবে।
বিসিবির সহ-সভাপতি আসাদুজ্জামান খসরু বলেন, এ ব্যাপারে বিসিবি কাজ করছে। সব ঠিক থাকলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) মতো বিসিবিতেও নির্বাচিত সভাপতি দায়িত্ব নেবেন।
তিনি বলেন, "গঠনতন্ত্রের খসড়া গত বার্ষিক সাধারণ সভায় আমরা তুলতে পারিনি। সামনে একটি ইজিএম হবে, সেখানে আমরা এটি তুলব।"
মাস দুয়েকের মধ্যে ইজিএম হতে পারে বলে তিনি জানান।
বিসিবি সভাপতি আহম মুস্তফা কামাল ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও তিনি।
হংকংয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) শেষদিন বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কাউন্সিলে বোর্ড থেকে রাজনৈতিক ব্যক্তিদের সরিয়ে দেয়ার ব্যাপারে একটি প্রস্তাব সবার সম্মতিতে গ্রহণ করা হয়। ক্রিকেটকে রাজনৈতিক প্রভাব বলয় থেকে বের করে আনার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয় বলে আইসিসি জানায়।
যেসব দেশের বোর্ডে বেশি পরিবর্তন আনতে হবে তার মধ্যে প্রথম দিকেই আছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। পাকিস্তানের রাষ্ট্রপতি দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচন করে থাকেন। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশ মেনে চলে। আর বাংলাদেশে সরকার ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিয়োগ করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮২০ ঘ.
bdnews24