ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রানার ব্যবহারে ব্যাটসম্যানরা সুযোগ নিচ্ছিলেন বলে এই ব্যবস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাতিল করেছে।
আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত হংকংয়ে বৃহস্পতিবার বলেন, "রানার ব্যবহারে সুযোগ নেয়া হচ্ছে, এমনটা ভাবার যথেষ্ট অবকাশ রয়েছে।"
আইসিসির বার্ষিক সাধারণ সভা শেষ হয় বৃহস্পতিবার।
তিনি বলেন, "আসলেই ব্যাটসম্যান চোট পেয়েছেন কী না, তা অনেক সময় আম্পায়ার বুঝতে পারেন না।"
ক্রিকেটে রানার ব্যবহার করা হচ্ছে এক শ' বছরেরও বেশি সময় ধরে। এমসিসির ক্রিকেট আইনে ১৮৮৪ সাল কিংবা তার আগে থেকে এর উল্লেখ ছিল। মে মাসে ক্রিকেট কমিটি এক সভায় রানার নেয়ার সুযোগ তুলে দেয়ার সুপারিশ করে। আইসিসি সাধারণ সভায় ওই সুপারিশের পক্ষে সিদ্ধান্ত নেয়।
লরগাত বলেন, "এই নিয়ম তুলে দেয়ায় ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে একটি অসমতা দূর হল।" একজন বোলার চোট পেলে তিনি বল করতে পারেন না। সুতরাং রানার ব্যবহার করতে না দেয়াই সঠিক সিদ্ধান্ত বলে তিনি মনে করেন।
ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার মনে করেন, আইসিসির এই সিদ্ধান্ত সঠিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২১৪ ঘ.
bdnews24