ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি বোলারদের। এদিন উইকেট পড়েছে ১৩টি, রান উঠেছে কেবল ২৩১।
মঙ্গলবার দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩০ রান। এক প্রান্তে রামনরেশ সারওয়ান ১০ রানে ব্যাট করছেন, অন্য প্রান্তে নাইটওয়াচ ম্যান দেবেন্দ্র বিশু এখনো রানের খাতা খোলেননি। প্রথম পালায় স্বাগতিকরা এখনো পিছিয়ে আছে ১৭১ রানে।
এর আগে ভারত নিজেদের প্রথম পালায় ভিভিএস লক্ষ্মণ ও সুরেশ রায়নার অর্ধশতকের পরও ২০১ রানে গুটিয়ে যায়।
ভারতের ব্যাটসম্যানদের মতো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদেরও রান তুলতে লড়াই করতে হচ্ছে। দিনের শেষ ভাগে ১২ ওভার খেলে ৩০ রান তুলতেই হারিয়েছে আদ্রিয়ান বারাথ (৩), লেন্ডল সিমন্স (২) ও ড্যারেন ব্র্যাভোকে (৯)।
ভারতের পক্ষে প্রবিন কুমার, অভিমান্যু মিথুন ও ইশান্ত শর্মা একটি করে উইকেট নেন।
কেনসিংটন ওভালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে খাদে পড়ে যায় ভারত। তবে পঞ্চম উইকেট জুটিতে লক্ষ্মণ ও রায়না মিলে ১১৭ রানের জুটি গড়ে দলকে প্রাথমিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন।
দলীয় ১৫৫ রানের মাথায় রায়না (৫৩) বিদায় নিলেও অবিচল ছিলেন লক্ষ্মণ। এটি রায়নার চতুর্থ অর্ধশতক। তিনি তার ১০৫ বলের ইনিংসটি সাজান ৭টি চার দিয়ে।
দলীয় ১৮৭ রানের মাথায় অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন লক্ষ্মণ (৮৫)। এটি তার ৫০তম অর্ধশতক। তার ১৪৬ বলের ইনিংসে ১২টি চার রয়েছে।
এছাড়া ভারতের দলীয় তৃতীয় সর্বোচ্চ রান নবম ব্যাটসম্যান প্রবিন কুমারের। তিনি ১২ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট নেন রবি রামপল, দেবেন্দ্র বিশু ও ফিডেল এডোয়ার্ডস। এজন্য রামপল দেন ৩৮, বিশু দেন ৪৬ ও এডোয়ার্ডস ৫৬ রান।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে (৬৩ রানে) ১-০ তে এগিয়ে আছে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/০৮৫৯ ঘ.
bdnews24