ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সনাৎ জয়াসুরিয়া। ২২ বছরের ক্রিকেট-জীবনে শেষ ম্যাচ মাঠে নামেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে।
তবে এ ম্যাচে জয়াসুরিয়া ছিলেন নিজের ছায়া হয়ে। ৬ ওভার বল করে ৪৬ রান দিয়ে নেন এক উইকেট। পরে জয়ের জন্য ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বলে করেন ২ রান।
জয়াসুরিয়ার শুরুটায় কিন্তু শেষের ইঙ্গিত ছিল না। শুরুতে তিনি ছিলেন কেবলই একজন বোলার। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করে তার ব্যাট। শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ওই বিশ্বকাপে ইনিংসের শুরুতে মাঠে নেমেই ঝড় তোলেন জয়াসুরিয়া। সেই ঝড়ে উড়ে যান প্রতিপক্ষের বোলাররা। তাকে যথার্থ সঙ্গ দেন রমেশ কালুভিথারানা। জয়াসুরিয়া-কালুভিথারানা পরিণত হন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর উদ্বোধনী জুটিতে। রীতিমতো দুঃস্বপ্ন হয়ে ওঠেন তারা বোলারদের কাছে।
যদিও 'পিঞ্চ হিটিং'র শুরুটা করেছিলেন নিউজিল্যান্ডের মার্ক গ্রেটব্যাচ। কিন্তু একে ভয়ঙ্কর-শিল্পে রূপান্তর করেন জয়াসুরিয়া।
বয়স কম হয়নি জয়াসুরিয়ার, ৩০ জুন পা দেবেন ৪২-এ। তবে এখনো খেলার মতো পুরো সুস্থ তিনি। তার শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর ভারপ্রাপ্ত অধিনায়ক থিলিনা কান্দাম্বেও বলেছেন সেই কথা।
দেশের হয়ে সবচেয়ে বেশি ৪৪৫টি একদিনের ম্যাচ খেলেছেন জয়সুরিয়া। একদিনের ক্রিকেটে তার চেয়ে বেশি খেলেছেন কেবল শচীন টেন্ডুলকার। খেলেছেন ৪৫৩টি ম্যাচ।
একদিনের ম্যাচে ২৮টি শতক ও ৬৮টি অর্ধশতকসহ জয়াসুরিয়া করেন ১৩,৪৩০ রান। গড় ৩২.৩৬। সর্বোচ্চ ১৮৯ রান। দেশের পক্ষে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডও জয়াসুরিয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে কেবল শচীন এগিয়ে আছেন তার চেয়ে। শচীনের রান ১৮১১১।
বল হাতেও আলো ছড়ান তিনি। ৩৬.৭৫ গড়ে নেন ৩২৩ উইকেট। সেরা ৬/২৯। ম্যাচে ৪ উইকেট নেন ৮ বার, ৫ বা তার বেশি উইকেট নেন ৪ বার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০২১ ঘ.
bdnews24