২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪টি দলই থাকছে আগামী ক্রিকেট বিশ্বকাপে

শেষ পর্যন্ত সহযোগী দেশগুলোর চাপে পিছু হটেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪টি দলকে নিয়েই আয়োজন করা হবে ২০১৫ সালের বিশ্বকাপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত সহযোগী দেশগুলোর চাপে পিছু হটেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪টি দলকে নিয়েই আয়োজন করা হবে ২০১৫ সালের বিশ্বকাপে। এর আগে টেস্ট খেলুড়ে পুর্ণ সদস্য ১০টি দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। হংকংয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) তৃতীয় দিন মঙ্গলবার এই সিদ্ধান্ত পরিবর্তন করায় আগামী বিশ্বকাপেও খেলার সুযোগ পাচ্ছে সহযোগী চার দেশ। ২০১১ সালের বিশ্বকাপে খেলে পূর্ণ সদস্য ১০টি ও ৪টি সহযোগী দেশ। আগামী বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এবারের বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই মুম্বাইয়ে এক সভায় ২০১৫ সালের বিশ্বকাপে শুধু মাত্র ১০টি টেস্ট খেলুড়ে দেশকে খেলানোর সিদ্ধান্ত নেয় আইসিসি। সহযোগী দেশগুলো এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালে আইসিসি সভাপতি শারোদ পাওয়ার সাধারণ সভায় বিষয়টি নিয়ে আবারো আলোচনার সিদ্ধান্ত নেন। সোমবার আইসিসির প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সভায় বিশ্বকাপে একটি বাছাই পর্ব রাখার ব্যাপারে মত দেয়া হয়। কোনো কোনো মহল মনে করছে, আইসিসির সভাপতি নির্বাচনে পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিল করতে সহযোগী দেশগুলোর সমর্থন আদায় করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়। পর্যায়ক্রমিক পদ্ধতি অনুযায়ী, এবার বাংলাদেশ ও পাকিস্তানের সভাপতি ও সহ-সভাপতি পদে প্রার্থী দেয়ার কথা। পাকিস্তান এরই মধ্যে পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিলের বিরোধীতা করার কথা বলেছে। অন্য দিকে বাংলাদেশ পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিলের পক্ষে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বর্তমান চক্র পূরণেরও কথা বলেছে দেশটি। গঠনতন্ত্র সংশোধনের জন্য ৫০টি সহযোগী দেশের মধ্যে ৩৮টি এবং পূর্ণ সদস্য ১০টি দেশের মধ্যে ৮টির সমর্থন দরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৪৮ ঘ.