ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উন্নত সংস্করণের সিদ্ধান্ত পর্যালোচনা (ডিআরএস) প্রতিটি টেস্ট ও একদিনের ম্যাচে অনিবার্য হিসেবে সিদ্ধান্ত নেয়ার পর জয় দাবি করেছে আইসিসি ও বিসিসিআই।
বিসিসিআই সোমবার জানিয়েছে, ডিআরএস ইস্যুতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে আইসিসি বলছে, সাফল্যের সঙ্গে ডিআরএস ব্যবহারে সবচেয়ে শক্তিশালী ও শেষ বাঁধা অতিক্রম করা গেছে।
পাঁচ দিনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হংকংয়ে খুব ব্যস্ত সময় কেটেছে আইসিসির কর্তাব্যক্তিদের। একের পর সভা করতে হয়েছে, সিদ্ধান্ত নিতে হয়েছে, সুপারিশ পর্যালোচনা করতে হয়েছে। সারাদিন কী হল না হল সেসব সংবাদ সম্মেলনে কেবল এক লাইনে বলে দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। তিনি বলেন, "পাঁচ দিনের টেস্টের কেবল দুই দিন গেলো। এখনো অনেক বাকি।"
হংকংয়ে রোববার থেকে শুরু হয়েছে আইসিসির পাঁচ দিন ব্যাপী এজিএম। এর প্রথম দুই দিন আইসিসির প্রধান নির্বাহী কমিটির সভা হয়। পরের দুই দিন নির্বাহী বোর্ডের সভা এবং ৩০ জুন পূর্ণাঙ্গ কাউন্সিল অনুষ্ঠিত হবে।
প্রথম দিন ডিআরএস, এফটিপি ও ক্রিকেট কমিটির সুপারিশগুলো নিয়ে আলোচনা শুরু হয়। দ্বিতীয় দিনে এ সব নিয়ে সিদ্ধান্তে পৌঁছে কমিটি। এছাড়া ২০১৫ বিশ্বকাপে বাছাই পর্ব রাখার ব্যাপারেও সুপারিশ করেছে তারা।
এ সব সিদ্ধান্ত ও পর্যালোচনা নির্বাহী বোর্ড সভায় আলোচিত হবে। এফটিপি সমঝোতা এই মূহূর্তে খুব গুরুত্বপূর্ণ। নতুন এফটিপি চূড়ান্ত হওয়ার পরই দেশগুলো টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি করবে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়া বাকি সাতটি পূর্ণ সদস্য রাষ্ট্র আগামী ১২ মাসের মধ্যে নতুন চুক্তির দিকে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪৭ ঘ.
bdnews24