ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি'র প্রধান নির্বাহীদের কমিটি প্রতিটি টেস্ট ও একদিনের ম্যাচে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহার বাধ্যতামূলক করতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে। তবে এর জন্য ডিআরএসের বর্তমান সংস্করণের উন্নয়ন প্রয়োজন বলেও তারা মত দিয়েছেন।
সোমবার হংকংয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় দিনে এই সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার নির্বাহী বোর্ডের সভায় অনুমোদনের জন্য আবারো বিষয়টি নিয়ে আলোচনা হবে। সে সময় ডিআরএস প্রযুক্তিতে ইনফ্রা-রেড ক্যামেরা ও অডিও-ট্র্যাকিং যন্ত্র যুক্ত করা ও 'বল ট্র্যাকার' বাদ দেয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। আরডিএস প্রযুক্তিতে থাকতেই হবে এমন একটি তালিকা আইসিসির রয়েছে।
২০০৮ সালের পর এই প্রথম ভারত ডিআরএসের পক্ষে কথা বলছে। তাই জুলাইয়ে দেশটির ইংল্যান্ড সফরে ডিআরএস থাকছে। তবে ওই সিরিজে ডিআরএসে হক-আই বল-ট্র্যাকার ব্যবহৃত হবে না। সে কারণে এলবিডব্লিউ'র পর্যালোচনা নিয়ে বেশ ঝামেলাই হবে। কারণ, লেগ স্ট্যাম্পের বাইরে বল পড়ার পর কাউকে এলবিডব্লিউ দিলে তিনি পর্যালোচনা চাইলেও কোনো কাজ হবে না। হক-আই না থাকায় ওই আবেদন অকার্যকর হয়ে পড়বে।
তবে কোনো ব্যাটসম্যান এলবিডব্লিউ হওয়ার পর ব্যাটের কানায় বল লেগেছে মনে করলে সিদ্ধান্ত পর্যালোচনা চাইতে পারবেন। হট স্পট থাকায় সেটি পেতে কোনো সমস্যা হবে না। হট স্পট ও ইনফ্রা-রেড ক্যামেরা এখন সহজলভ্য। ব্যাটসম্যানের কাছাকাছি জায়গায় দাঁড়ানো ফিল্ডার ক্যাচ পর্যালোচনায় এগুলো ব্যবহৃত হবে।
একদিনের ক্রিকেটে দুবার নয় ভুল পর্যালোচনার সুযোগ একে নামিয়ে আনার ক্রিকেট কমিটির সুপারিশ গ্রহণ করেছে প্রধান নির্বাহীদের কমিটি।
ডিআরএস প্রযুক্তি ব্যবহারে ব্যয় কিভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে পরে আলোচনা করা হবে জানানো হয়। এর আগে বিসিসিআই সহসভাপতি নিরঞ্জন শাহ দাবি করেন, প্রতি খেলায় ডিআরএস ব্যবহারে ৬০ হাজার ডলার ব্যয় হয়। তবে আইসিসি বলেছে, টেস্টে প্রতিদিন ৫ হাজার ডলার ব্যয় হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৫৪ ঘ.
bdnews24