ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপে খেলার কোনো সুযোগ আছে কী না, তা জানতে আইসিসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে সংস্থার সহযোগী দেশগুলো।
২০১৫ সালের বিশ্বকাপে ১০টি পূর্ণ সদস্য দেশকে খেলানোর সিদ্ধান্ত নেয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সহযোগী দেশগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে। তাই আইসিসি সভাপতি শারদ পাওয়ার সাধারণ সভায় বিষয়টি নিয়ে আবারো আলোচনার সিদ্ধান্ত নেন।
সভা হংকংয়ে শুরু হচ্ছে ২৬ জুন।
সহযোগী দেশগুলো পরবর্তী বিশ্বকাপে একটি বাছাই পর্ব রাখতে চায়। সভায় এর পক্ষে সিদ্ধান্ত নেয়া হবে বলে কোনো কোনো দেশ আশা করছে। কিন্তু কোনো কোনো দেশ আবার খুব একটা আশাবাদী নয়।
বিশ্বকাপে ১০ দলের খেলার বিষয়টি ঠিক হয়ে যাওয়ায় পূর্ণ সদস্য দেশগুলো যে নিজেদের স্বার্থ আগে দেখবে তা নিসন্দেহে বল যায়। সে কারণে এই সিদ্ধান্ত পাল্টানোর কথা ওই দেশগুলো খুব একটা ভাবছে না।
গত মাসে লর্ডসে আইসিসির ক্রিকেট কমিটি বিশ্বকাপে একটি বাছাই পর্ব রাখার সুপারিশ করে।
আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, "বার্ষিক সভায় আমরা ২০১৫ সালের বিশ্বকাপ নিয়ে আলোচনা করবো। ব্যক্তিগতভাবে আমি একটা বাছাই পর্বসহ বিশ্বকাপে ১০টি দল খেলানোর পক্ষে।" তবে শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিতে হলে সহযোগী দেশগুলোর পক্ষে তা নাও যেতে পারে।
আয়ারল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ওয়ারেন ডিওট্রম বলেন, "বিভিন্ন দেশের পরিচালকদের বুঝতে হবে যে ক্রিকেট ১০টি দেশের নয়, ১০৫টি দেশের খেলা। খেলাটিকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য শুধু ১০ দেশের স্বার্থ নয়, সিদ্ধান্ত নিতে হবে সব দেশের কথা ভেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭১৯ ঘ.
bdnews24