ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্কট স্টাইরিস।
তবে ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবেন তিনি।
২০০৮ সালেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ৩৬ বছর বয়সী নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্টাইরিস। তবে খেলে যাচ্ছিলেন টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট। এবার এই দু'ধরনের ক্রিকেট থেকেও বিদায় নিলেন তিনি।
১৮৮টি একদিনের খেলায় ৩২.৪৮ গড়ে ৪৪৮৩ রান করেন স্টাইরিস। শতক হাঁকান চারটি। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি আছেন ছয় নম্বরে। এছাড়া ৩৫.৩২ গড়ে উইকেট নেন ১৩৭ টি।
২৯ টেস্টে ৫ শতকসহ রান করেন ১৫৮৬। গড় ৩৬.০৪ । এছাড়া ৫০.৭৫ গড়ে উইকেট নেন ২০টি।
ক্রিকেটকে বিদায় জানানো প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্বকাপের পর থেকেই নিজের ভবিষ্যত নিয়ে ভাবছিলাম।"
"দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। অনেক গুরুত্বপূর্ণ সময়েই দলের অংশ ছিলাম। পুরো সময়টা আমি উপভোগ করেছি," বলেন তিনি।
অবসর নেয়ার পর পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জনান বলে জানান স্টাইরিস। বলেন, "অবসর নেয়ার ফলে পরিবারের সঙ্গে থাকার জন্য অনেক সময় পাবো।"
বিশ্বকাপের পর স্টাইরিস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তবে মাঠে নামেন মাত্র দু'টি ম্যাচে।
তিনি বলেন, "আমি টি-টোয়েন্টি ক্রিকেট উপভোগ করি। আরো কিছুদিন ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলতে চাই।"
বর্তমানে ইংল্যান্ডে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলছেন তিনি এসেক্সের হয়ে। নর্দান নাইটসের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৩০ ঘ.
bdnews24