ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ও ২০১৫ সালের বিশ্বকাপের ওপরই মূলত আলোকপাত করা হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম)।
পাঁচ দিনের এই আলোচনা রোববার হংকংয়ে শুরু হচ্ছে।
আইসিসির ক্রিকেট কমিটি মে মাসে এক সভায় সব ধরনের ক্রিকেটে ডিআরএস ব্যবহারের সুপারিশ করে।
কিন্তু বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড এ ব্যাপারে মতৈক্যে পৌঁছতে পারেনি। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই ) টেস্টে ডিআরএস ব্যবহারের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে।
কিন্তু আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত এক সংবাদ সম্মেলনে বলেন, "ডিআরএসের সাফল্যের হার দেখে কমিটি উচ্ছ্বসিত।"
কমিটি ওই সভায় একদিনের ক্রিকেট নিয়েও বেশ কয়েকটি সুপারিশ করে। সেগুলো নিয়েও বার্ষিক সভায় আলোচনা করা হবে।
লরগাত বলেন, "দশটি পূর্ণ সদস্য দেশ নিয়ে ২০১৫ সালের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি।
অনেকেই একে ভালোভাবে না নেয়ায় সাধারণ সভায় আবারো বিষয়টি নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেন আইসিসি সভাপতি শারদ পাওয়ার। ব্যাক্তিগতভাবে আমি একটা বাছাই পর্বসহ বিশ্বকাপে ১০টি দল খেলানোর পক্ষে।"
এছাড়া আইসিসির গঠনতন্ত্রেও এবার পরিবর্তন আনা হতে পারে। ক্রিকেট প্রশাসনে সরকারের হস্তক্ষেপ রোধে বোর্ড সদস্য নির্বাচনে উন্মুক্ত পদ্ধতি চালু করা হতে পারে।
"অধিকতর গণতান্ত্রিক করে তোলার সবচেয়ে ভালো উপায় হলো উন্মুক্ত নির্বাচন পদ্ধতি চালু করা। এছাড়া সরকারের হস্তক্ষেপও বন্ধ করতে চাই আমরা," বলেন লরগাত।
আইসিসির এই প্রস্তাবের বিরোধীতা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ারও হুমকিও দিয়েছে তারা।
আইসিসি প্রেসিডেন্ট মনোয়ন ও নির্বাচনের ব্যাপারেও গঠনতন্ত্রে সংশোধনী আনা পারে। এর ফলে বর্তমানের পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিল হয়ে যাবে। এই পদ্ধতি অনুযায়ী, আইসিসির সভাপতি ও সহ-সভাপতি পদে এবার পাকিস্তান ও বাংলাদেশের প্রার্থী দেয়ার কথা। তাই স্বাভাবিকভাবেই দেশ দু'টি পরিবর্তনের বিপক্ষে কথা বলবে।
তবে গঠনতন্ত্রে সংশোধন আনা সহজ হবে না বলে মনে করেন লরগাত। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "সংশোধনী আনার জন্য ৫০ সদস্য দেশের মধ্যে ৩৮টির সমর্থন প্রয়োজন। এর মধ্যে আবার থাকতে হবে ৮টি পূর্ণ সদস্য দেশের সমর্থন। সুতরাং পরিবর্তন আনা খুব সহজ হবে না।"
অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করা নিয়েও আলোচনা হতে পারে বার্ষিক সভায়। এছাড়া আলোচনা হবে বিদেশি দলের পাকিস্তান সফর নিয়েও। নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে যাচ্ছে না কোনো দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯১৩ ঘ.
bdnews24