ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্যাডি আপটন ও মাইক ইয়ংকে সঙ্গী হিসেবে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার কোচ গ্যারি কার্স্টেন। আপটন সাইকোলজিস্ট ও ইয়ং ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন।
আপটন ও ইয়ং দুজনই দক্ষিণ আফ্রিকা দলে যোগ দেবে খণ্ডকালীন কোচ হিসেবে। ৬ জুন গ্যারি কার্স্টেন দক্ষিণ আফ্রিকা দলের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই তাদের নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়। এবার তা চূড়ান্ত হল।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা গ্যারির সঙ্গী হিসেবে আপটন ও ইয়ং এর কাজ করার ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি বলেন, "তারা দুজনই এখন গ্যারির দলের সদস্য। গ্যারি যখন দায়িত্ব নেন তখন তার সহকারীদের তালিকা নিয়েও আমাদের সঙ্গে আলোচনা করেন। তার নিয়োগের সময় আমরা গ্যারির চাহিদা মতো সহকারীদেরও নিয়োগ দেই।"
খণ্ডকালীন দুই কোচকে কখন কিভাবে কাজে লাগাবেন তা নির্ভর করবে কার্স্টেনের উপর।
আপটন এর আগে ভারত দলে কার্স্টেনের সঙ্গে কাজ করেন। তবে ঠিক কখন তিনি দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে যোগ দেবেন সেটা এখনো ঠিক করেন নি কার্স্টেন। এছাড়া দলে আপটনকে ঠিকভাবে যুক্ত করবেন সেটাও এখনো চূড়ান্ত করেন নি তিনি।
ইয়ং সাবেক বেসবল খেলোয়াড় ও ম্যানেজার। ক্রিকেটে যোগ দেন ২০০০ সালে। সে সময় অস্ট্রেলিয়া দলকে ফিল্ডিংয়ে সহায়তা করেন তিনি। টানা পাঁচ বছর কাজ করেন সেখানে। ২০১০ সালের ডিসেম্বরে ভারত দলের সঙ্গে ছয় সপ্তাহ কাজ করেন। এছাড়া আইপিএলে ডেকান চার্জাস দলের সঙ্গেও কাজ করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫৯ ঘ.
bdnews24