২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো মাঠে গড়াতে পারে আইসিএল

সব ঠিক থাকলে আবারো মাঠে গড়াতে পারে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)। অন্তত জি স্পোর্টসের বাণিজ্যিক প্রধান হিমানশু মোদি সেই আভাসই দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব ঠিক থাকলে আবারো মাঠে গড়াতে পারে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)। অন্তত জি স্পোর্টসের বাণিজ্যিক প্রধান হিমানশু মোদি সেই আভাসই দিলেন। ইন্ডিয়ান প্রিমিয়াল লিগের (আইপিএল) সাবেক চেয়ারম্যান ললিত মোদির বক্তব্যের পর আবারো নড়চড় শুরু হয়েছে আইসিএল নিয়ে। মোদি দাবি করেন, আইসিএলকে বেআইনী ঘোষণা করতে আইসিসিকে চাপ দেয় বিসিসিআই। মোদি দাবি করেন, আইসিএল বন্ধ হয়ে যাওয়ার পেছনে বিসিসিআইয়ের হাত রয়েছে। হিমানশু মোদি বলেন, "ব্যাপারটি এখন আদালতে রয়েছে। এছাড়া আমরা ললিত মোদির মুখ খোলার অপেক্ষায় আছি। তিনি আরো স্পষ্ট করবেন বিসিসিআই আমাদের লিগকে নস্যাৎ করতে আরো কত ষড়যন্ত্র করেছে।" হিমানশু আশা করছেন, সবকিছু ঠিক থাকলে আবারো মাঠে গড়াতে পারে আইসিএল। তিনি বলেন, "মোদি এমন কিছু ব্যাপার প্রকাশ করেছেন যেগুলো এমনকি আমাদেরও জানা ছিল না। আমরা জানতাম লিগ চালাতে কিছু বাধা আসবে, তবে আমরা এখনো সামনে এগুতে চাই। ক্রিকেটের সেবাই আমাদের লক্ষ্য।" ২০০৭ সালে বিশ্বকাপে ভারতের বিপর্যয়ের পর আইসিএল শুরু হয়। এ ধরনের একটি লিগ চালুর পরিকল্পনা বিসিসিআইয়েরও ছিল। ব্যাপারটি নিয়ে তৈরি হয় বড় ধরনের সঙ্কট। এমনকি আদালত পর্যন্তও গড়ায়। বিসিসিআই অনুমোদন দেয়নি আইসিএলকে। অন্য বোর্ডগুলোও হাঁটে বিসিসিআইয়ের পিছু। শেষ পর্যন্ত আইসিএল 'ভারত' এর প্রতিনিধিত্ব করতে আদালতের শরণাপন্ন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২০২৪ ঘ.