ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি'র বার্ষিক সভায় চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি থেকে বাদ পড়ার প্রতিবাদ জানাতে পারে পাকিস্তান। চলতি মাসের শেষদিকে হংকংয়ে ওই সভা অনুষ্ঠিত হবে।
সোমবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট ও সময়সূচি ঘোষণা করা হয়। ভারতে সেপ্টেম্বর-অক্টোবরে এবার লিগ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ১০ দল। এর আগে ছয় দলের একটি বাছাই পর্বও থাকছে।
এবারের আসরে ফিরছে ইংল্যান্ড। তারা খেলবে বাছাই পর্বে। তবে পাকিস্তানের কোনো দলকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া বাংলাদেশেরও কোনো দল চ্যাম্পিয়ন্স লিগে খেলছে না। আইসিসির নতুন এফটিপিতেও প্রস্তাব আকারে থাকছে চ্যাম্পিয়ন্স লিগ।
পিসিবি কর্মকর্তা জানান, "আমাদের বাদ পড়ার ব্যাপারে এজিএম চলাকালে আমরা আলোচনায় বসবো।" তিনি বলেন, এই ইস্যুতে পরোক্ষভাবে বোর্ডগুলো আইসিসির সঙ্গে পিসিবির দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে।
তবে যে তিনটি বোর্ড চ্যাম্পিয়ন্স লিগ চালায় সেই ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে এখনো কোনো আলোচনা করেনি পিসিবি।
পিসিবি কর্মকর্তা জানান, "বিসিসিআইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাদের আচরণ ছিল শীতল। তাছাড়া ভারতই মূল চালিকা শক্তি হওয়ায় অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তিনি কোনো সাড়া দেননি।"
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে পাকিস্তানের একটি দল - শিয়ালকোট স্ট্যালিয়ন্সকে আমন্ত্রণ জানানো হয়। তবে মুম্বাই হামলার পর ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন বেড়ে যায় এবং খেলায়ও তার প্রভাব পড়ে। ২০০৯ সাল থেকে পাকিস্তানের কোনো দলকে আর আমন্ত্রণ জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৮৩৯ ঘ.
bdnews24