ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রথম টেস্টে বিপদে পড়েছে ভারত। প্রথম দিন প্রথম পালায় মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত রান করেছে ৪ উইকেটে ৬৯।
উইকেটে আছেন রাহুল দ্রাবিড় ৩০ রান নিয়ে। চুতর্থ ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি ফিরে যাওয়ার পর মধ্যাহ্ন-বিরতির ঘোষণা দেন আম্পায়ার। ফলে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি নতুন ব্যাটসম্যান।
দ্রাবিড় এক প্রান্ত ধরে রাখলেও অন্য প্রান্তে কোনো সুবিধা করতে পারছেন না ব্যাটসম্যানরা।
জ্যামাইকার সাবিনা পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে ৩০ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় দলটি।
তৃতীয় উইকেট জুটিতে দলের সঙ্গে ৩৪ রান যোগ করেন ভিভিএস লক্ষ্মণ ও দ্রাবিড়। দলীয় ৬৪ রানের মাথায় লক্ষ্মণ (১২) বিদায় নিলে চাপে পড়ে যায় ধোনির দল। ৫ রান পরেই বিরাট কোহলি (৪) বিদায় নেন। ফলে সেই চাপ আরো বেড়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রবি রামপল ২ উইকেট নেন ১৯ রানে। এছাড়া একটি করে উইকেট নেন দেবেন্দ্র বিশু ও ফিদেল এডোয়ার্ডস।
প্রথমবারের মতো টেস্ট খেলতে মাঠে নামেন ভারতের বিরাট কোহলি, প্রভিন কুমার ও অভিনব মুকুন্দ। এছাড়া টেস্ট ক্রিকেটে ১৫ বছর পূর্ণ হলো রাহুল দ্রাবিড়ের।
সিরিজে তিনটি টেস্ট খেলবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত ও সাত নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৩৮ ঘ.
bdnews24