ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির (ইউডিআরএস) নির্ভরযোগ্যতা নিয়ে রোববার প্রশ্ন তুলেছেন শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের সাবেক আম্পায়ার ভেঙ্কট ইউডিআরএসকে পুরোপুরি কার্যকর নয় বলে অভিহিত করে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পাশে।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "ইউডিআরএসের ব্যাপারে বিসিসিআইয়ের যে অবস্থান আমারো তাই।"
প্রথম দুই বিশ্বকাপে ভারত দলকে নেতৃত্ব দেন ভেঙ্কটরাঘবন। আইসিসির এলিট প্যানেলে তিনিই ছিলেন ভারতের শেষ প্রতিনিধি। তার বিদায়ের পর দেশটির আর কোনো আম্পায়ার এই প্যানেলে জায়গা করে নিতে পারেননি। বর্তমানে তিনি বিসিসিআইয়ের আম্পায়ার বিষয়ক সাব-কমিটির পরিচালক হিসেবে কাজ করছেন।
উপমহাদেশে এবারের বিশ্বকাপে ইউডিআরএস ব্যবহার করা হয়। এতে বল 'ট্র্যাকিং' করার জন্য কেবল হক-আই প্রযুক্তি ব্যবহার করা হয়। সে কারণেই একে পুরোপুরি কার্যকর বলে মনে করছে না বিসিসিআই।
ভেঙ্কট বলেন, "বিশ্বকাপের খেলাগুলো দেখে থাকলে ব্যাপারটা সবার চোখে পড়েছে। আমি সে ব্যাপারে কিছু বলতে চাই, আমি শুধু সিদ্ধান্ত পর্যালোচনার ক্ষেত্রে সাফল্যের হারের বিষয়টি বিবেচনা করে দেখার কথা বলছি।"
ভারতের সাবেক অধিনায়ক সাংবাদিকদের বলেন, "আমি ইউডিআরএসের বিরুদ্ধে। কোনো একটি বিষয় নিশ্চিত হওয়ার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। তাই এক্ষেত্রে সন্দেহজনক কিছু থাকার কোনো সুযোগ নেই। এ কারণেই এটা হতে হবে শতভাগ কার্যকর।"
ওয়েস্ট ইন্ডিজে চলমান সিরিজ ও ইংল্যান্ড সফরে ইউডিআরএস ব্যবহারে অনিচ্ছুক বিসিসিআই। জেমস অ্যান্ডারসন, গ্রায়েম সোয়ান ও ক্রিস ট্রেমলেটের মতো ক্রিকেটাররা ইউডিআরএস ব্যবহারে বিরোধীতা করায় বিসিসিআইয়ের সমালোচনা করেছেন। জুলাইয়ে ভারতের ইংল্যান্ড সফরে যাওয়ার কথা।
বর্তমান প্রযুক্তিতে ইউডিআরএস ব্যবহারের বিপক্ষে শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনিও। তবে বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড় ইউডিআরএসের পক্ষে।
স
bdnews24