ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বক্তব্য উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বলেছে, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) বোর্ডের মালিকানাধীন ও অনুমোদিত প্রতিযোগিতা।
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগকে (এসএলপিএল) ব্যক্তি মালিকানাধীন একটি সংস্থার প্রতিযোগিতা হিসেবে অভিহিত করেছে বিসিসিআই।
ভারতীয় বোর্ড শনিবার জানায়, ব্যক্তি মালকানাধীন একটি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এসএলপিএলে ভারতের কোনো ক্রিকেটোর অংশ নিতে পারবেন না। বিসিসিআই পরিচালিত আইপিএল ও এসএলপিএলের মধ্যে কিছুটা পার্থক্য অবশ্যই রয়েছে।
এসএলসি সেক্রেটারি নিশান্তা রানাতুঙ্গা বলেন, "এসএলপিএল বোর্ডের অনুমোদিত টুর্নামেন্ট। এর বিপণনের দায়িত্বে রয়েছে সামারসেট। দরপত্রে অংশ নিয়ে তারা এই দায়িত্ব পেয়েছে। কেউ বলতে পারবে না প্রতিযোগিতাটি সামারসেটের মালিকানাধীন।"
তিনি আরো বলেন, আইপিএলের জন্য আইএমজি যে দায়িত্ব পালন করেছে, এসএলপিএলের জন্য সামারসেটও সেই দায়িত্ব পালন করছে। তারা লজিস্টিক ও বিপণনের ব্যাপারটি দেখবে। আইপিএলের মতো ব্যক্তি মালিকানায় নয়, এসএলপিএল সাত দলেরই মালিকানা থাকছে বোর্ডের হাতে।
এর আগে বিসিসিআই বলেছিল, আন্তর্জাতিক ও ঘরোয়া সূচিতে অসুবিধা না হলে খেলোয়াড়দের এসএলপিএলে খেলার অনুমতি দিতে তাদের কোনো আপত্তি থাকবে না।
বিসিসিআইয়ের উল্টো যাত্রায় 'বিস্মিত ও আহত' এসএলসি। পরিস্থিতি নিয়ে সোমবার বোর্ড সভায় বসবে বলে জানান রানাতুঙ্গা। তিনি বলেন, "আমরা বিসিসিআইয়ের কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করবো। আমাদের ভারতীয় ক্রিকেটারদের খুব প্রয়োজন। তারা টুর্নামেন্টের দাম ও জৌলুষ অনেক বাড়িয়ে দেবে।"
বিসিসিআইয়ের কাছে সব ব্যাখ্যা করা হবে বলে জানানোর পরও ভারতীয় ক্রিকেটারদের খেলার ব্যাপারে নিশ্চিত নন রানাতুঙ্গা। তিনি বলেন, "আমি সত্যিই জানি না। তবে আমরা অপেক্ষা করবো।"
১৯ জুলাই মাঠে গড়াবে এসএলপিএল, চলবে ৪ অগাস্ট পর্যন্ত। ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, শহিদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টোরি, কেভিন ও'ব্রায়েন ও হার্শেল গিবস এরই মধ্যে টুর্নামেন্টে খেলার জন্য চুক্তি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৪৫ ঘ.
bdnews24