ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের পেসাররা উইকেট থেকে বাড়তি সুবিধা আদায় করে ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেন বলে মনে করছেন মহেন্দ্র সিং ধোনি।
ভারত অধিনায়ক ধোনি বলেন, সাবিনা পার্কে প্রথম টেস্টে স্বাগতিক দলের পেসাররা বাউন্স পেতে পারেন।
"ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ দারুণ। বেশ জোরে বল করতে পারেন এমন বোলার তাদের রয়েছে। সঠিক জায়গায় বল ফেলতে পারলে তাদের খেলা কঠিন হবে," বলেন তিনি।
ভালো বোলারের বল দেখেশুনে খেলতে হয় বলে উল্লেখ করে তিনি বলেন, টেস্টে ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন। কেননা নিজেদের সুবিধা মতো জায়গায় বল পিচ করাতে বোলারদের বাধ্য করতে হয়।
সাবিনা পার্কে ভারতের ব্যাটসম্যানদের পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন ধোনি। তিনি বলেন, "ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সঙ্গে আমাদের ব্যাটসম্যানদের বেশ লড়াই হবে। টেস্টে পিচ হবে প্রথম তিন একদিনের ম্যাচের চেয়ে ভিন্ন, বল অতো ঘুরবে না।"
টেস্টে ভালো করতে হলে বোলারদের পুরোপুরি সুস্থ থাকা খুব জরুরি বলে মনে করেন ধোনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট খেলার পর ইংল্যান্ডে চারটি টেস্ট খেলবে ভারত। জুলাইয়ে ইংল্যান্ড যাবে ভারত।
জহির খান ও শ্রীশান্ত চোটের কারণে দলে নেই। চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন তারা। এছাড়া চোটের কারণে প্রথম টেস্টে অনিশ্চিত মুনাফ প্যাটেলও।
ধোনি বলেন, "গুরুত্বপূর্ণ সব টেস্ট সিরিজ সামনে চলে এসেছে। এই মুহূর্তে বোলারদের খেলার মতো সুস্থ থাকা খুব জরুরি। টেস্ট ছোট পরিসরের খেলা নয়, চার বা দশ ওভার বল করলেই হবে না। কখনো কখনো ১৫, ১৭ এমনকি ২৫ ওভার পর্যন্ত বল করতে হতে পারে।"
বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে পাচ্ছে না ভারত। তরুণদের জন্য একে বড় সম্ভাবনা হিসেবে দেখছেন ধোনি। প্রত্যেকের জন্য এটা একটা দারুণ সুযোগ। তিনি চান প্রত্যেকে একে কাজে লাগানোর চেষ্টা করুক।
একদিনের সিরিজে খেলেননি ধোনি। তারপরও দল সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে। ধোনি মনে করেন, বিশ্রাম তার খুব দরকার ছিল। তিনি বলেন, "ছোট ছোট কিছু চোট ছিল, সেসব কেটে গেছে। এখন আমি পুরোপুরি প্রস্তুত। ফিরতে পেরে আমি সন্তুষ্ট।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২২১ ঘ.
bdnews24