২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএলপিএলে খেলছেন না ভারতের ক্রিকেটাররা

বোর্ড অনাপত্তি পত্র না দেয়ায় ভারতের কোনো ক্রিকেটার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলতে পারছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোর্ড অনাপত্তি পত্র না দেয়ায় ভারতের কোনো ক্রিকেটার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলতে পারছেন না। প্রতিযোগিতাটি আয়োজনের দায়িত্ব নিয়েছে 'সামারসেট এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স' নামের সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান। আর এখানেই আপত্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। খেলোয়াড়দের প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্যই অনাপত্তি পত্র না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা জানান, "ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলোয়াড়রা বিসিসিআইয়ের অধীনে খেলেছেন। কিন্তু এসএলপিএলে সব কিছু একটি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেয়া হয়েছে। যদি কোনো কারণে তালগোল পাকিয়ে যায় তাহলে শ্রীলঙ্কা ক্রিকেট তা সামাল দিতে পারবে না। তাই আমরা কোনো ঝঁকি নিচ্ছি না।" বিসিসিআইয়ের সফর ও সূচি নির্ধারণ সংক্রান্ত এক ভারতীয় ক্রিকেটারদের এসএলপিএলে খেলতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ভারতের ১২ খেলোয়াড়ের এসএলপিএলে খেলার কথা ছিল। তারা হলেন প্রভিন কুমার, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মনোজ তিওয়ারি, সৌরভ তিওয়ারি, উমেশ যাদব, বিনয় কুমার, মনিশ পান্ডে ও পল বালথাটি। এর আগে বিসিসিআই বলেছিল, আন্তর্জাতিক ও ঘরোয়া সূচিতে অসুবিধা না হলে খেলোয়াড়দের এসএলপিএলে খেলার সুযোগ দিতে তাদের কোনো আপত্তি নেই। প্রতিযোগিতা শুরু হবে ১৯ জুলাই। শেষ হবে ৪ অগাস্ট। ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, শহিদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টোরি, কেভিন ও'ব্রায়েন ও হার্শেল গিবস প্রতিযোগিতাটিতে অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/০৯৪৮ ঘ.