ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমানের ওপরই নজর দিচ্ছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। ভবিষ্যতে অধিনায়ক কিংবা দলে জায়গা হবে কি না, তা তার ভাবনাতে নেই।
পাকিস্তানের দৈনিক ডনের সঙ্গে এক সাক্ষাৎকারে মিসবাহ বলেন, "সত্যি বলতে কি, আমি আগামী বিশ্বকাপ (২০১৫) পর্যন্ত খেলতে পারবো কিনা, তা নিয়ে কখনো ভাবি না। মানুষ তার আগামীকাল সম্পর্কেই কিছু বলতে পারে না, আর বিশ্বকাপ তো অনেক দূরে।"
"তাই এই মুহূর্তে নিজের 'ফিটনেস' ও 'ফর্ম' ধরে রাখার ওপরই আমি নজর দিচ্ছি, যাতে আমার সেরা খেলা খেলতে পারি," বলেন তিনি।
৩৭ বছর বয়সী মিসবাহ বলেন, "পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনই আমাকে নেতৃত্ব ছেড়ে দিতে বললে আমি ছেড়ে দেবো।"
মিসবাহকে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক করা হয় গত বছরের অক্টোবরে। তার নেতৃত্বে সাত বছর পর উপমাহাদেশের বাইরের টেস্ট সিরিজ জেতে পাকিস্তান। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতে নেয় মিসবাহর দল।
এ বছরের মে মাসে মিসবাহর হাতে একদিনের দলের লাগামও তুলে দেয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় শহিদ আফ্রিদির অধিনায়কত্ব কেড়ে নেয়ার পর এই সিদ্ধান্ত নেয় বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজ সফরে সেরা একাদশ গঠন নিয়ে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে আফ্রিদির বিরোধ দেখা দেয়। পড়ে দেশে ফিরে ওয়াকারের বিরুদ্ধে তিনি বাড়াবাড়ি করার অভিযোগ আনেন। এর জের ধরে তিনি বিরোধে জড়িয়ে পড়েন বোর্ডের সঙ্গে। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় বিশ্বকাপের পরপর।
মিসবাহ টেস্ট খেলেন ২৫টি। এর মধ্যে ছয়টিতে তিনি নেতৃত্ব দেন। জেতেন দু'টিতে, একটি হারেন আর অমীমাংসিত থাকে তিনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮১১ ঘ.
bdnews24