ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দুই দিনের মতো সাউদাম্পটন টেস্টের তৃতীয় দিনও রাজত্ব করেছে বৃষ্টি।
সকালে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বেশ দেরি হয়। মধাহ্ন বিরতিতে যাওয়ার আগে খেলা হয় ১৯ ওভার। মধ্যাহ্ন বিরতির পর আবারো বৃষ্টি শুরু হলে বেশিক্ষণ খেলা হয়নি। সেবার খেলা হয় মোটে ৪ ওভার ৪ বল। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে চা-বিরতির পর ২৭ ওভার ২ বল খেলা হয়।
দিন শেষ প্রথম পালায় ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৯৫ রান। এক প্রান্তে ইয়ান বেল ৩৯ রানে ব্যাট করছেন। অন্য প্রান্তে নাইট ওয়াচম্যান জেমস অ্যান্ডারসন এখনো রানের খাতা খুলেননি। ৬ উইকেট হাতে রেখে ১১ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
চতুর্থ উইকেটে কেভিন পিটারসেন ও বেল ৭১ রান যোগ করে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে আসেন। দলীয় ১৯১ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে পিটারসেন (৮৫) বিদায় নিলেও ততক্ষণে প্রথম পালায় শ্রীলঙ্কার সংগ্রহকে ছাড়িয়ে গেছে ইংল্যান্ড।
পিটারসনের ১১৫ বলের ইনিংসে ১৪ টি চার রয়েছে। এটি একদিনের ক্রিকেটে তার ২৩তম অর্ধশতক।
এর আগে নিজেদের প্রথম পালায় শ্রীলঙ্কা ১৮৪ রানে গুটিয়ে যায়। ৯ উইকেটে ১৭৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। মাত্র ৭ রান যোগ করতেই শেষ উইকেট হারায় তারা। একাদশ ব্যাটসম্যান চানকা ওয়েলেগেদারাকে (৭) ফিরিয়ে দিয়ে দশম উইকেট জুটির প্রতিরোধ পর্ব ভাঙ্গেন স্টুয়ার্ট ব্রড।
নিজেদের প্রথম পালায় ব্যাট করতে নেমে ১৪ রানের মধ্যে দুই উইকেট হারায় ইংল্যান্ড। ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ৩ ও জোনাথন ট্রট ৪ রান করে সাজঘরের পথ ধরেন।
তৃতীয় উইকেট জুটিতে পিটারসেন ও অ্যালিস্টার কুক ১০৬ রান যোগ করে দলকে চাপ মুক্ত করেন। অর্ধশতকে পৌঁছার পর কুক (৫৫) বিদায় নিলেও দেখেশুনে খেলতে থাকেন পিটারসেন। এটি কুকের ২৬তম অর্ধশতক। তিনি তার ১০২ বলের ইনিংস সাজান ৭টি চার দিয়ে।
শ্রীলঙ্কার পক্ষে ওয়েলেগেদারা, দিলহারা ফার্নান্দো, থিসেরা পেরেরা ও সুরাঙ্গা লাকমাল একটি করে উইকেট নেন। পিটারসেনকে ফিরিয়ে দিয়ে টেস্টে নিজের প্রথম উইকেট নেন পেরেরা।
এর আগে শ্রীলঙ্কার পক্ষে প্রসন্ন জয়াবর্ধনে ৪৩ রান করেন। ৩৯ রানে অপরাজিত থাকেন দিলহারা ফার্নান্দো, এটি টেস্টে তার সর্বোচ্চ রান।
ইংল্যান্ডের পক্ষে ক্রিস ট্রেমলেট ৬ উইকেট নেন ৪৮ রানে, এটি টেস্টে তার সেরা বোলিং। এছাড়া জেমস অ্যান্ডারসন ৫৬ রানে নেন ২ উইকেট।
তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩৮ ঘ.
bdnews24