ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শতভাগ সঠিক হওয়ার নিশ্চয়তা থাকলেই কেবল আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহার করা সম্ভব বলে মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব এন শ্রীনিভাসন।
একই সঙ্গে তিনি আরো বলেন, "বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে তা সব সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। এর আরো উন্নতি না হলে এই বির্তক চলতেই থাকবে।"
ইন্ডিয়ান এক্সপ্রেসকে শ্রীনিভাসন বলেন, "প্রথম যখন আমরা ওই পদ্ধতির বিরোধীতা করেছিলাম তারপর থেকে এখন পর্যন্ত এর কোনো পরিবর্তন করা হয়নি। শতভাগ সঠিক হওয়ার নিশ্চয়তা পেলেই কেবল আমরা প্রযুক্তিকে স্বাগত জানাবো। ডিআরএস পদ্ধতি এখন পর্যন্ত শতভাগ সঠিক নয়। তাই আমরা এটা ব্যবহারের বিপক্ষে।"
ভারত তাদের ইংল্যান্ড সফরে এই পদ্ধতি ব্যবহার করবে না বলে জানিয়ে দিয়েছে। জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ভারতের।
শচীন টেন্ডুলকার ও ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী ডিআরএস'র বিরোধীতা করেছেন। যদিও টেন্ডুলকার ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, তিনি প্রযুক্তির বিরুদ্ধে নন। তবে তা নিখুঁত হতে হবে।
bdnews24