ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজকে ২৫২ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ভারত।
জ্যামাইকার সাবিনা পার্কে বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক ড্যারেন সামি।
ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও রোহিত শর্মার অর্ধশতকের পরও ৪৭ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ২৫১ রান করে ভারত।
শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ৭ ওভারে ২১ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান ও পার্থিব প্যাটেল। তৃতীয় উইকেট জুটিতে কোহলি ও মনোজ তিওয়ারি ৫৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন।
দলীয় ৭৯ রানের মাথায় তিওয়ারি (২২) বিদায় নিলেও অবিচল ছিলেন কোহলি। চতুর্থ উইকেট জুটিতে ১১০ রান যোগ করে কোহলি ও রোহিত দলকে লড়াইয়ে ফেরান। তবে এক রানের ব্যবধান কোহলি ও অধিনায়ক সুরেশ রায়নাকে হারিয়ে আবারো বিপদে পড়ে সফরকারীরা।
দলীয় ১৮৯ রানের মাথায় বিদায় নেয়ার আগে কোহলি করেন ৯৪। তিনি তার ১০৪ বলের ইনিংসটি সাজান ১০টি চার দিয়ে। এটি একদিনের ক্রিকেটে তার ১৫তম অর্ধশতক। অন্যদিকে রানের খাতা খোলার আগেই ফিরে যান রায়না।
নিজের অর্ধশতকের পৌঁছার পরপরই বিদায় নেন রোহিত (৫৭)। দলের রান তখন ২২৫। তার ৭২ বলের ইনিংসে ২টি চার ও ১টি ছক্কা রয়েছে। এটি একদিনের ক্রিকেটে তার অষ্টম অর্ধশতক।
শেষ দিকের ব্যাটসম্যানরা ভালো খেলতে না পারায় বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও ১৫ বল আগে থাকতেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। শেষ ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল ইউসুফ পাঠান (৩০) পৌঁছান দুই অঙ্কের ঘরে। দলীয় ২৪৫ রানের মাথায় তার বিদায়ের পর ৬ রান যোগ করতেই শেষ ৩ উইকেট হারায় রায়নার দল।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে আন্দ্রে রাসেল ৪ উইকেট নেন ৩৫ রানে। একদিনের ক্রিকেটে এটাই তার সেরা বোলিং। এছাড়া কেমার রোচ ও কিয়েরন পোলার্ড নেন দু'টি করে উইকেট। এজন্য পোলার্ড দেন ৩৯ রান। রোচ ৫২।
প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নেয় ভারত। চতুর্থ ম্যাচ জিতে ব্যবধান কমায় স্বাগতিকরা। ভারত এখন এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০২২ ঘ.
bdnews24