ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আপোস করলেও আন্তর্জাতিক ক্রিকেটে শহিদ আফ্রিদির ভাবিষ্যৎ এখনো অনিশ্চিত।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে একদিনের দলের অধিনায়কত্ব কেড়ে নেয়া হলে শর্তসাপেক্ষে অবসরের ঘোষণা দেন পাকিস্তানের বিশ্বকাপ অধিনায়ক আফ্রিদি। একই সঙ্গে এক টেলিভিশন সাক্ষাৎকারে পিসিবির কড়া সমালোচনা করেন এবং এই বোর্ডের অধীনে আর খেলবেন না বলে জানান। সঙ্গে তিনি এটাও জানান, বোর্ডের নেতৃত্ব পরিবর্তন হলে তার খেলতে আপত্তি নেই।
গত বেশ কিছুদিন ধরেই আফ্রিদি ও বোর্ডের মধ্যে কাদা ছোড়া-ছুড়ি চলে। শর্ত সাপেক্ষে অবসর ঘোষণা ও বোর্ডের সমালোচনা করায় আফ্রিদির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি গঠন, কেন্দ্রীয় চুক্তি বাতিল ও হ্যাম্পশায়ারে খেলার জন্য দেয়া অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয় পিসিবি। এর বিরুদ্ধে সিন্ধু আদালতে মামলা করেন আফ্রিদি।
ইসলামাবাদে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট ও আফ্রিদির মধ্যে মঙ্গলবারের বৈঠকের পর দুই পক্ষ সমঝোতায় পৌঁছে। তার অংশ হিসেবে বুধবার সিন্ধু আদালত থেকে আবেদন প্রত্যাহার করে নেন আফ্রিদি। বিনিময়ে অনাপত্তি পত্র ফিরে পাবেন তিনি। এতে হ্যাম্পশায়ারের হয়ে তার খেলার পথে কোনো বাধা থাকবে না। এছাড়া শ্রীলঙ্কা প্রিমিয়ান লিগেও (এসএলপিএল) আফ্রিদির খেলার কথা রয়েছে। তবে পিসিবির শৃঙ্খলা কমিটির শুনানিতে অংশ নিতে হবে আফ্রিদিকে, এতে তার শাস্তিও হতে পারে।
লাহোরে বৃহস্পতিবার শুনানি হবে।
এত সব কান্ডের পর মনে হচ্ছে জাতীয় দলে ফেরার চেয়ে হ্যাম্পশায়ারের হয়ে খেলার জন্যই মরিয়া ছিলেন আফ্রিদি।
আফ্রিদির অবসরের বিষয়ে ইএসপিএনক্রিকইনফোকে বাট বলেন, "ওটা নিয়ে ভাবা হয়নি। বোর্ডের চোখে এখনো তিনি অবসরে যাওয়া খেলোয়াড়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫২৪ ঘ.
bdnews24