২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলের ভবিষ্যৎ অনিশ্চিত

ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকট ভবিষ্যতে ক্রিস গেইলের মাঠে নামার সম্ভাবনা ধীরে ধীরে কমে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 05:21 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকট ভবিষ্যতে ক্রিস গেইলের মাঠে নামার সম্ভাবনা ধীরে ধীরে কমে আসছে। বুধবার রাতে ওয়েস্ট ইন্ডজ ক্রিকেট বোর্ড ও গেইলের মধ্যে বৈঠক শেষে বোর্ডের সূত্র ইএসপিএনক্রিকইনফোকে এমন তথ্যই জানিয়েছে। ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে বাদ পড়া ছাড়াও চলমান একদিনের সিরিজও ওয়েস্ট ইন্ডিজ দলে নেই গেইল। এছাড়া তিন ম্যাচ টেস্ট সিরিজেও তার দলে না থাকার সম্ভাবনাই বেশি। সভা শেষে বোর্ড সূত্র জানায়, ক্রিস গেইলের অবস্থা অস্ট্রেলিয়ার অ্যান্ডু সাইমন্ডসের মত হতে পারে। অস্ট্রেলিয়ার হয়ে এখন আর মাঠে নামেন না সাইমন্ডস। বরং এখন তিনি বিশ্বের বিভিন্ন দেশে শুধু মাত্র ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। গেইলের পক্ষের লোকজনের ধারণা, বোর্ড গেইলের আন্তর্জাতিক ক্যারিয়ার ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে। এই বৈঠকই তার প্রমাণ। কারণ বৈঠকে বোর্ডের আচরণে সমঝোতার কোনো লক্ষণ ছিলো না বলেই তাদের মত। বুধবারের তিন ঘন্টার বৈঠকটি বেশ উত্তপ্ত ছিলো বলেও জানা গেছে। বোর্ডের ওই সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) প্রধান দিনানাথ রামনারায়ন উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে চেয়ার তুলে বোর্ডের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলাইরিকে আঘাত করার হুমকি দেন। যদিও ডব্লিউপিএ'র পক্ষ থেকে ওই ঘটনা অস্বীকার করা হয়। বরং তারা জানায়, বৈঠকের এক পর্যায়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন রামনারায়ন। তবে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি বলে তারা নিশ্চিত করেছে। গেইল ছাড়াও তার পক্ষে সভায় উপস্থিত ছিলেন রামনারায়ন ও তার সহকারী ওয়াভেল হিন্ডস। বোর্ডের পক্ষে হিলাইরি ছাড়াও উপস্থিত ছিলেন কোচ ওটিস গিবসন, দলের ব্যবস্থাপক রিচি রিচার্ডসন ও ক্রিকেট পরিচালক টনি হাওয়ার্ড। গেইলের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেয়ার আগে বোর্ড ব্যবস্থাপনা কমিটি ও নির্বাচকদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে সভা শেষ করেন হিলাইরি। কিংসটনে ১৭ জুন বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১০৫০ ঘ.