ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটারদের মৌসুম পূর্ব 'কন্ডিশনিং' ক্যাম্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন ও ট্রেনার গ্রান্ট লুডেন।
মাসব্যাপী 'কন্ডিশনিং' ক্যাম্প ৪ জুন শুরু হয় রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরই মধ্যে ১০দিন চলে গেছে। বর্তমানে অনুশীলন চলছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, "কন্ডিশনিং ক্যাম্পের খুব প্রয়োজন ছিল। কেননা টানা খেলার মধ্যে থাকায় খেলোয়াড়দের 'ফিটনেস' নিয়ে অনেকদিন কাজ করা হয়নি।"
এবারই প্রথম মাসব্যাপী ক্যাম্প হচ্ছে, এটি চাপ হয়ে যাবে না তো? এই প্রশ্নের জবাবে সুমন বলেন, "আমার মনে হয় এই ক্যাম্পের খুব দরকার ছিল। খেলোয়াড়রা মাঠে নামার আগে নিজেদের 'ফিটনেস' সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।"
সুমন মনে করেন, ক্যাম্পে এবার যথেষ্ট বৈচিত্র আছে। শের-ই-বাংলা, বিকেএসপি ও কক্সবাজারে অনুশীলন করার সুযোগ রয়েছে ক্রিকেটারদের। তিনি বলেন, "বিকেএসপিতে অনুশীলনের পর বাইরে সময় কাটানোর খুব বেশি সুযোগ না থাকায় ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া অনেক বাড়বে।"
আবহাওয়াকেই খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি। বলেন, "টানা খেলার মধ্যে থাকলে 'স্কিল' নিয়ে কাজ করা সম্ভব হলেও 'ফিটনেস' নিয়ে সেভাবে কাজ করা সম্ভব হয় না। এবার সময় সুযোগ মেলায় তা হয়ে গেল। আমরা এই ক্যাম্প থেকে ভালো ফল আশা করছি।"
ভালো ফল আশা করছেন লুডেনও। বলেন, মাসব্যাপী ক্যাম্প হলেও ক্রিকেটাররা বিশ্রামেরও সময় পাচ্ছেন। এছ্ড়াা গরমের কথা ভেবে সকালে এবং বিকেলে অনুশীলন করা হচ্ছে।
ক্রিকেটাররা অনুশীলনে কঠোর পরিশ্রম করায় সন্তুষ্ট লুডেন। বলেন, "প্রত্যেকেই অন্যের চেয়ে ভালো করার চেষ্টা করছেন। তারা একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।"
বিকেএসপি'রও প্রশংসা করেন লুডেন। বলেন, এখানে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রয়েছে। তবে তিনি খেলোয়াড়দের ঘাম ঝরানোর ওপর নজার দিয়েছেন বেশি করে। এই গরমে দিনে ২৭ ওভার বল করার মতো 'ফিট' দেখতে চান তিনি পেসারদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৪৮ ঘ.
bdnews24