২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কন্ডিশনিং ক্যাম্পের প্রয়োজন ছিল'

তামিম ইকবাল ও মুশফিকুর রহীম মনে করছেন, খেলোয়াড়দের 'ফিটনেস' ঠিক রাখার জন্য 'কন্ডিশনিং' ক্যাম্পের খুব প্রয়োজন ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তামিম ইকবাল ও মুশফিকুর রহীম মনে করছেন, খেলোয়াড়দের 'ফিটনেস' ঠিক রাখার জন্য 'কন্ডিশনিং' ক্যাম্পের খুব প্রয়োজন ছিল। মাসব্যাপী 'কন্ডিশনিং' ক্যাম্পের অংশ হিসেবে ক্রিকেটাররা এখন আছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। জাতীয় দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, "ক্যাম্প নিয়ে আমি সন্তুষ্ট। গত দু'বছর টানা ক্রিকেটের মধ্যে আছি বলে 'ফিটনেস' ধরে রাখার জন্য এই ক্যাম্পের খুব দরকার ছিল।" 'কন্ডিশনিং' ক্যাম্প শেষে খেলোয়াড়রা 'সুপার ফিট' হয়ে উঠবেন বলে মনে করেন তিনি। বলেন, "খেলোয়াড়রা এখানে কঠোর পরিশ্রম করছেন। কোনো সন্দেহ নেই, এখান থেকে ফেরার পর প্রত্যেকেই 'সুপার ফিট' হয়ে উঠবেন।" তামিম বলেন, "সবাই ক্যাম্প উপভোগ করছেন। একে কেউ কষ্ট হিসেবে নিচ্ছেন না। এবারই প্রথম একটা ক্যাম্পে এসেছি, যেখানে সবাই 'ফিট'। এছাড়া এক সঙ্গে থাকায় সবার মধ্যে বোঝাপড়াও অনেক বেড় যাবে।" তবে বেড়ানোর জন্য একদিন ছুটি চান তামিম। খেলোয়াড়দের জন্য যাতে ক্যাম্প চাপ না হয়ে ওঠে, সে জন্য সবাইকে একদিনের ছুটি দেয়ার জন্য ট্রেনার গ্রান্ট লুডেনের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন তিনি। তামিম বলেন, ক্যাম্পে আসার পর সবারই উন্নতি হচ্ছে। প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছেন। কেউ পিছিয়ে থাকলেও তিনি তার কাজ শেষ না করে থেমে যাচ্ছেন না। এছাড়া 'মনিটর' থাকায় ফাঁকি দেয়ারও কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। আব্দুর রাজ্জাক সবার অনুপ্রেরণা হয়ে উঠেছেন বলে তামিম জানান। বলেন, "তিনি দলের সবচেয়ে 'সিনিয়র' ক্রিকেটার। তিনি যা করছেন তার অনেক কিছুই আমি আশা করিনি। রীতিমতো উদাহরণ সৃষ্টি করছেন তিনি।" জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে খেলোয়াড়রা সম্পূর্ণ সুস্থ থাকতে চান বলে তামিম জানান। বলেন, "এই ক্যাম্প শেষে আমরা 'স্কিল' বাড়ানো নিয়ে কাজ করবো। কেউই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে চোট পেতে চান না।" অন্যদিকে বিকেএসপির সাবেক ছাত্র ও জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকু জন্য এটা অনেকটাই ঘরে ফেরার মতো। পুরনো জায়গায় উপভোগ করছেন তিনি 'কন্ডিশনিং' ক্যাম্প। ক্যাম্পে এক সঙ্গে থাকার ফলে খেলোয়াড়দের 'ফিটনেস' বাড়ার পাশাপাশি তাদের মধ্যে বোঝাপড়াও বাড়ছে বলে তিনিও মনে করেন। সকালে সাঁতার কাটার পর বিকেলে খেলোয়াড়রা তামিম ও মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে দু'ভাগ হয়ে ফুটবল খেলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০১৭ ঘ.