২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মান বাঁচালো ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিপক্ষে ১০৩ রানের বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 05:00 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে ১০৩ রানের বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এন্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে চতুর্থ একদিনের খেলায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী ভারতের অধিনায়ক সুরেশ রায়না। ব্যাট করতে নেমে কিয়েরন পোলার্ড ও লেন্ডল সিমন্সের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২৪৯ রান করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সব উইকেট হারিয়ে ১৪৬ রানে থেমে যায় ভারতের পালা। জয়ের জন্য ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। দলের ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছলেও কেউ তাদের ইনিংস বড় করতে পারেননি। সবচেয়ে বেশি ৩৯ রান আসে রোহিত শর্মার ব্যাট থেকে। এছাড়া পার্থিব প্যাটেল ২৬ ও বিরাট কোহলি ২২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এন্টনি মার্টিন ৪ উইকেট নেন ৩৬ রানে। এছাড়া আন্দ্রে রাসেল ১৬ রানে নেন ৩ উইকেট। এর আগে এক পর্যায়ে ১০৩ রানের মধ্যে পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বসলেও ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ের পুঁজি এনে দেন পোলার্ড ও কার্লটন বগ। ষষ্ঠ উইকেট জুটিতে তারা দলের সঙ্গে যোগ করেন ৯৬। দলীয় ১৯৯ রানের মাথায় পোলার্ড (৭০) বিদায় নিলেও দেখেশুনে খেলতে থাকেন বগ। পোলার্ড তার ৭২ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ২টি ছয় দিয়ে। এটি একদিনের ক্রিকেটে তার চতুর্থ অর্ধশতক। সপ্তম উইকেট জুটিতে বগ (৩৯) ও আন্দ্রে রাসেল (২৫) মাত্র ৪ ওভারে যোগ করেন ৪১। দলীয় ২৪০ রানের মাথায় দু'জনই বিদায় নিলে সংগ্রহ আরো বড় করার সুযোগ হারায় ড্যারেন সামির দল। এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান সিমন্স এক প্রান্ত ধরে খেললেও অন্য প্রান্তে ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। তিন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন দুই অঙ্কের ঘরে পা রাখার আগেই। চার নম্বর ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে আসে ১৫ রান। শেষ পর্যন্ত দলীয় ১০৩ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে সিমন্স করেন ৬৭। এটি একদিনের ক্রিকেটে তার অষ্টম অর্ধশতক। তার ৭৮ বলের ইনিংসে ৩টি চার ও ৩টি ছক্কা রয়েছে। ভারতের পক্ষে প্রভিন কুমার ৩ উইকেট নেন ৩৭ রানে। এছাড়া অমিত মিশ্র ৫৬ রানে নেন ২ উইকেট। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম তিনটি জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে ভারত। বৃহস্পতিবার কিংস্টনে হবে পঞ্চম খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৫৩ ঘ.