ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সহকারী কোচ ট্রেন্ট উডহিলের চুক্তির মেয়াদ ২০১২ সাল পর্যন্ত বাড়িয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
২০১০ সালের অগাস্টে নিউজিল্যান্ড দলে যোগ দেন উডহিল।
নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন পরিচালক জন বুকানন এক বিবৃতিতে বলেন, প্রধান কোচ জন রাইটের সঙ্গে পরামর্শ করে তিনি উডহিলের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন।
বুকানন আরো বলেন, "নিউজিল্যান্ড দলের সব সদস্য ও জনের সঙ্গে সব সময়ই সুসম্পর্ক বজায় রেখে চলেছেন উডহিল। বিশ্বকাপে দলের চমৎকার ফিল্ডিংয়ের পেছনে তার অবদান ছিল স্পষ্ট। এছাড়া দলের সদস্যরা যখন হতাশার মধ্যে থাকেন, তখন তাদের উজ্জীবিতও করেন তিনি।"
উডহিলকে রাখতে পেরে সন্তুষ্ট রাইট বলেন, "আমি উডহিলের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। তিনি আমাদের অনুশীলন দলের গুরুত্বপূর্ণ অংশ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৫৮ ঘ.
bdnews24