ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ৫ থেকে ১০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে পারে ভারত। এ কথা বলেছেন দেশটির নতুন কোচ ডানকান ফ্লেচার।
তিনি বলেন, "ভারতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন। তাই দলটির অবস্থা এখন অনেক সুসংহত। আগমী ৫ থেকে ১০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে পারে দেশটি।"
"আমি জানি, আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর অনেক সময়। তবে এই সময়ের মধ্যে কোনো দলের ভারতের সমান শক্তিশালী হওয়ার সম্ভাবনা আমি দেখছি না," বলেন ফ্লেচার।
বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় বিশ্রামে থাকায় ভারতের একেবারে তরুণ একটি দল ওয়েস্ট ইন্ডিজ সফর করছে। তারপরও দাপটের সঙ্গে খেলছে তারা। এখনো হার মানেনি কোনো খেলায়।
একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি খেলায় ভারত জিতেছে ১৬ রানে।
এছাড়া পাঁচ ম্যাচ একদিনের সিরিজের প্রথম তিনটি খেলায় জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে ফ্লেচারের দল।
প্রথম দুই খেলায় ভারত সহজেই জিতেছে। তবে শনিবার তৃতীয় ম্যাচে ২২৬ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে রোহিত শর্মার অপরাজিত ৮৬ রানের সুবাদে শেষ পর্যন্ত ৩ উইকেটে জিতে নেয় ম্যাচটি। তখনো হাতে ছিল ২২ বল।
শর্মার এই ইনিংসের প্রশংসা করতে গিয়ে ফ্লেচার বলেন, "এটি ছিল দারুণ একটা ইনিংস এবং ইনিংসের শেষ পর্যন্ত খেলার যোগ্যতা তার আছে। তারপরও নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন না তিনি। এর মধ্য দিয়ে বোঝা যায় ভারত কতোটা শক্তিশালী দল।"
রোহিতের টেস্ট দলে জায়গা না পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফ্লেচার বলেন, "যে কোনো দেশের টেস্ট দলে তার জায়গা পাওয়ার যোগ্যতা আছে। তারপরও তিনি ভারতের টেস্ট দলে জায়গা পাচ্ছেন না। কারণ দলটি অনেক বেশি ভালো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৫০ ঘ.
bdnews24